প্রেমে মজে জীবনের দেরি হয়ে যায়।
ছোট্ট বেলায় প্রেম ছিলো জলের সাথে।
সেই যে ডুবেছিলাম কোন সকালে
কূলে ফিরে দেখি বড্ড দেরি।
পেরিয়ে গিয়েছিলো পুরোটা শৈশব ডুব দিয়ে
জলের প্রেমে।
প্রেমে পড়েছিলাম ঘুড়ির
কোন এক বিকেলে।
নিজের তৈরী ঘুড়িতে চোখ আটকে ছিলো
তার উড়ন্ত চলার পথে।
নিজে প্রেমে ছিলাম নিজের সৃষ্টির
অথবা নিজের।
আর সুতো ছিঁড়ে গেলে প্রেমের দাবী নিয়ে
ছুটে ছিলাম অনন্ত পথ,
দেরি হয়ে গেছিলো আমার
আলো নেভার আগে।
আর এই আমি প্রেমে মজে আছি ঘুমের।
আধার ভাঙা আলোতেও ঘুম ভাঙে না আমার।
ঘুমের মাঝে সাঁতরে বেড়াই জলে রাজহাঁস হয়ে,
ছুটে যাই সুতো ছেঁড়া ঘুড়ির পিছু পিছু,
আমার ঘুম ভাঙে না।
প্রেমে মজে আমার দেরি হয়ে যায়।
শুধুই দেরি হয়ে যায়।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৭ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




