বঙ্গবন্ধুকে মুক্তি দিতে হবে
গণ প্রজাতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রপতি বাঙালীর নয়নমণি বঙ্গবন্ধু শেখ মুজিবের বিচার প্রহসনের বিরুদ্ধে বিশ্বের নেতৃবৃন্দের কণ্ঠ আরও সোচ্চার হয়ে উঠেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রাণ রক্ষার জন্য বৃটেন, কানাডা, ভারত ও যুক্তরাষ্ট্রের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি অক্সফাম-এর মাধ্যমে বিশ্বের সকল রাষ্ট্রের কাছে এ ব্যাপারে তৎপর হওয়ার আবেদন জানিয়েছেন।
আবেদনকারীর মধ্যে আছেন ভারতে যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত জন কেনের্থ গলব্রেথ, রাষ্ট্রসংঘেয় প্রাক্তন সহকারী সেক্রেটারী জেনারেল কানাডার ডঃ হিউ কীন্লে কাইড, ভারতের প্রাক্তন সৈন্যাধ্যক্ষ জেঃ জয়ন্তনাথ চৌধুরী প্রভৃতি।
তারা আরও বলেছেন, বৃহৎ শক্তিগুলোর হস্তক্ষেপের ফলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে যে কোন মুহূর্তে বড় রকমের যুদ্ধ বেধে যেতে পারে।
তাই বাংলাদেশের অবস্থা আয়ত্তে আনার জন্য তাঁরা সকল রাষ্ট্রের কাছে পাকিস্তানকে সাময়িকভাবে সব রকম অর্থনৈতিক ও সামরিক সাহায্য বন্ধের জন্য আবেদন জানিয়েছেন।
পঃ জার্মানীর মন্ত্রীর উদ্বেগ
পশ্চিম জার্মানীর দূতাবাসের মন্ত্রী মিঃ ডবলিউ বেরেগুস গত ২২শে আগষ্ট কলকাতায় বলেন যে; শেখ মুজিবর রহমানকে হত্যা করা হলে পাকিস্তানের ইয়াহিয়া ভীষণ ‘রাজনৈতিক ভুল করবেন’।
তিনি বলেন, শেখ মুজিবরের ব্যাপার নিয়ে পশ্চিম জার্মানী সরকার শীগ্গীর পাকিস্তানের সঙ্গে কথাবার্তা বলবেন।
অষ্ট্রেলিয়ান সরকারের উদ্বেগ
পাকিস্তান সরকার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাড়ে সাত কোটি বাঙালীর প্রিয় নয়নমনি বঙ্গবন্ধু শেখ মুজিবের যে বিচার চালাচ্ছে তাতে অষ্ট্রেলিয়া সরকার তার উদ্বেগের কথা পাকিস্তানকে জানিয়েছেন বলে অষ্ট্রেলিয়ান পররাষ্ট্র মন্ত্রী মিঃ নিগেল বোয়েন গত ১৮ই আগষ্ট পার্লামেণ্টে বলেছেন।
প্রধান মন্ত্রী মিঃ উইলিয়াম ম্যাকমোহন ইয়াহিয়াকে প্রেরিত এক ব্যক্তিগত বার্ত্তায় অষ্ট্রেলিয়া সরকারের পক্ষে দুঃখ প্রকাশ করেছেন।
জয়বাংলা (১) ১ ঃ ১৬ ২৭ আগস্ট ১৯৭১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



