এন জুলফিকার
কুয়াশা আসলে পর্দা, পৃথিবীর চোখজুড়ে ছায়া-মায়া ঘোর...
শীতের অমাবস্যায় জটাধারী ফকির কথা ক'টি বলে
আচমকা মিলিয়ে গেল দক্ষিণের কোণে।
তখনও ভোরের আলো ছোঁয়নি ঘাসের বুক,
পৃথিবীর ক্ষুধা জেনে মৃত এক ফড়িঙের ঠ্যাং
শত বাহকের কাঁধে গুটিগুটি ঢুকছিল গর্তের মাঝে।
তখনও যোজন পথ ---
তখনও বেপথু রাতে ঘুঙুরের বোল ঠেলে পার হওয়া বাকি।
সেই থেকে কুয়াশাকে মনে হয় মায়া-অঞ্জন।
কীভাবে পরাবো চোখে ভেবে ভেবে রাত্রির বুকে
এঁকে রাখি পদছাপ ;
সবুজ ডানার যত পাখ-পাখালি আমার স্বপ্নে ঘোরে ---
মেঘ আর মেধা আর কারুময় ক্লোন
জ্যামিতিক পথে খোঁজে দিবসযাপন।
এত যে কুয়াশা খুঁজি, এত এত রাত্রির ঘোর
তবুও দু'পাশে শুধু শ্বাপদেরা ডানা ঝাপটায়।
ওম্
এন জুলফিকার
জেগে থাকো।
প্রখর রোদের মাঝে অযুত কুন্ঠায়
স্বাপ্নিক কৌশলে ভেসে ওঠে দক্ষিণ সমুদ্র।
স্পর্শের দৃশ্যগুলি পরপর অভিনীত হ'লে
ঝরে পড়ে হিমরাত, বৃষ্টির রেণু।
আমার পায়ের নীচে এই রোদ
খুঁজে নেয় ক্যানভাসে অজানা সফর।
প্রাচীন পুঁথির যত পাখের কলম
সমূহ প্রলাপ ছোঁয়,
ভিন্ন বয়ানে খোঁজে জরির আঁচল।
আমিও মৃত্যু খুঁজি, খুঁজি হ্রদ ;
দীর্ঘ ছায়ার পাশে এঁকে রাখি খড়কুটো
আর
শীৎকারে ভেসে যাওয়া তীব্র রাতের কাছে এসে
একটু ওম্-এর খোঁজে দু'হাত বাড়াই।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



