উনবিংশ শতকের মার্কিন ক্ল্যাসিক্যাল সাহিত্যের একজন প্রথম কাতারের লেখক ছিলেন ও হেনরী, যার আসল নাম উইলিয়াম সিডনী পোর্টার। ব্যাংকে চাকরী করার সময় তহবিল তসরুপের মামলায় তিনি জেলে যান ।জেল থেকে ছাড়া পেয়ে তিনি তার অত্যাশ্চর্য এবং সেই সাথে অসাধারন গল্পগুলো লিখতে শুরু করেন ।দু বছরে তার গল্পের সংখ্যা দাড়ায় একশো পনেরোটিতে ।
লেখার প্রতিটি ছত্রে ছত্রে ও হেনরী সাধারন মানুষের চরিত্রগুলোকে অসম্ভব মুনশীয়ানার সাথে ফুটিয়ে তুলেছেন। কিন্ত গল্পের কোথাও তিনি কোন একটি মানুষকেও অমানুষ বানিয়ে ছাড়েন নি।
তার বিখ্যাত গল্প গিফট অফ ম্যাগি প্রায় সবার পরিচিত। কারণ এটা আমাদের পাঠ্য ছিল ।তেমনি তার আরেকটি গল্প যা আমার ভীষন প্রিয় আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।
কুবের ও ফুলশর
অবসরপ্রাপ্ত সাবান প্রস্ততকারকও রকওয়াল ইউরেকা সোপ কোম্পানীর মালিক বুড়ো এ্যন্টনী রকওয়াল তার ফিফথ এভিনিউর বাড়ীর লাইব্রেরী ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে মৃদু হাসলেন। ডানদিকের প্রতিবেশী, অভিজাত ক্লাবম্যান জি ভ্যান সুইলাইট সাফোক-জোনস তাঁর অপেক্ষমান মোটর গাড়ীর দিকে যেতে যেতে সাবান প্রাসাদের সামনের দিকের ইটালীয়ান রেঁনেসা ধাঁচের ভাস্কর্যের দিকে তাকালেন। রোজকার মত আজও তার উদ্ধত নাকের ডগাটা কুঁচকে উঠলো।
' দাম্ভিক অকর্মন্য বুড়ো ! ' ভূতপুর্ব সাবানরাজ মন্তব্য করলেন।সামনের গ্রীস্মে আমি বাড়িটায় লাল, সাদা আর নীল রং লাগাবো, দেখি ওর কুঁচকানো নাক কপাল পর্যন্ত উঠে কিনা ।'
এ্যন্টনী রকওয়াল কোনদিন ঘন্টা বাজানোর ধার ধারতেন না। দরজায় গিয়ে সোজা তিনি চিৎকার করে উঠলেন,
' মাইক!' এ সে ডাক যা একদিন কানসাসের তৃনভুমিকে চিরে খান খান করে দিত।
' আমার ছেলেকে বলো ' আদেশপ্রার্থী ভৃত্যকে হুকুম দিলেন এ্যন্টনী, 'বাড়ী থেকে বেরোবার আগে সে যেন একবার এখানে আসে'।
যুবক রকওয়াল লাইব্রেরীতে ঢুকলে বৃদ্ধ তাঁর হাতের খবরের কাগজটি সরিয়ে তার দিকে তাকালেন। তার প্রশস্ত রক্তিম মুখে সদয় গাম্ভীর্য।
'রিচার্ড, তুমি কত দামের সাবান ব্যাবহার করো ?'
রিচার্ড চমকে উঠলো, ছমাস হলো কলেজ থেকে বাড়ী এসেছে।এখনো বাবাকে ঠিকমত চিনে উঠতে পারেনি। প্রতিমুহুর্তে প্রথম পার্টিতে যাওয়া মেয়েদের মত বাবার কাছ থেকে অপ্রত্যাশিত ব্যাবহারের আশা করে সে।
" ডজনে ছ ডলারের মত।"
'আর কাপড়-চোপড় বাবদ?' প্রশ্ন করে এ্যান্টনী।
"ষাট ডলারের কাছাকাছি", বলে রিচার্ড।
'তুমি খাটি ভদ্রলোক,' এ্যন্টনী মত প্রকাশ করলেন।শুনেছি আজকালকার ছেলেরা সাবানে ২০ ডলার র পোষাকে ১০০ ডলার খরচ করে। তাদের মত নষ্ট করার টাকা তোমারও আছি কিন্ত তুমি তা করোনা ।
আমি এখনো সেই পুরোনো ইউরেকাই ব্যাবহার করি।সেন্টিমেন্টের জন্য নয়, ওটাই খাঁটি বলে।
একটি সাবানের দাম যখনই ১০ সেন্টের বেশী হবে মনে রেখো টাকা দিয়ে তুমি শুধু বাজে গন্ধ আর লেবেলই কিনছো'।
'শোনো বর্তমান অবস্থা বিবেচনা করলে ৫০ সেন্ট খরচ খুবই শুভবুদ্ধির পরিচায়ক। সত্যি তুমি খাঁটি ভদ্রলোক।লোকে বলে তিন পুরুষের বুনিয়াদ না থাকলে ভদ্রলোক ওয়া যায়না। একদম বাজে কথা, টাকা থাকলে সাথে সাথেই মসৃন পথে ভদ্রলোকত্বের আবির্ভাব হয়।টাকাই তোমাকে ভদ্রলোক বানিয়েছে। শুধু কি তাই ? টাকা প্রায় আমাকেও ভদ্রলোক বানিয়ে ফেলেছে।
আমার বাড়ীর দুপাশে যে দুজন বুড়ো ভদ্রলোক আছেন তাদের মাঝখানের বাড়ীটা আমি কিনেছি বলে রাতে তাদের ঘুম হয়না।ঠিক তাদের মতই আমি উদ্ধত, বদমেজাজী আর বিরক্তিকর হয়ে উঠেছি।'
"কয়েকটা জিনিস টাকা থাকলেও করা যায় না, বা হয়না " বিষন্ন ভাবে বলে উঠলো রিচার্ড।
'ও কথা বোলো না ,' বুড়ো ক্ষুদ্ধ হলেন। 'সব সময়ই আমি টাকার উপর টাকা বাজী ধরি। ওয়াই পর্যন্ত পুরো বিশ্বকোষ আমি তন্ন তন্ন করে খুজে দেখেছি, কিন্ত এমন কিছু খুজে পাই নি যা টাকা দিয়ে কেনা যায় না। ভাবছি সামনের হপ্তায় পরিশিষ্টটা ধরবো । এমন একটা জিনিসের নাম করতো যা টাকা দিয়ে কেনা যায় না ?'
"যেমন ধরুন টাকা লোককে অভিজাত শ্রেনীতে ঢোকার প্রবেশ পত্র কিনে দিতে পারে না।"
'তাই নাকি?' অর্থের জোরালো সমর্থক এ্যন্টনী গর্জে উঠলেন, বলোতো তোমার উঁচুতলার সমাজ আজ কোথায় থাকতো যদি প্রথম আ্যস্টরের কাছে সমুদ্র পেরোবার জাহাজ ভাড়াটাও না থাকতো ?'
রিচার্ড দীর্ঘশ্বাস ফেললো।
'আর এ কথাটি আমি বলতে চাইছি ' শান্ত স্বরে বৃদ্ধ আবার বল্লেন। ' আর এ জন্যই তোমায় ডেকেছিলাম। নিশ্চয় তোমার কিছু হয়েছে। দু সপ্তাহ ধরে লক্ষ্য করছি, বলো কি হয়েছে? আসল সম্পত্তি বাদ দিলেও আমি ২৪ ঘন্টার মধ্যে আমি ১কোটি ১০ লাখ ডলার নগদ এনে দিতে পারি। আর লিভারের দোষ থাকলে বলো, দ্য র্যম্বলার সমুদ্র যাত্রার জন্য প্রস্তত।দুদিনেই সে তোমাকে বাহামা দ্বীপে পৌছে দেবে।'
" আপনার আন্দাজ খুব খারাপ হয়নি বাবা, কাছাকাছি গিয়েছেন"।
'ও, তা কি নাম মেয়েটার?' এ্যন্টনী জানতে চাইলেন।
রিচার্ড তার এই অমার্জিত বুড়ো বাবার মধ্যে যথেষ্ট সাথীত্ব আর সহানুভূতির পরিচয় পেয়ে ভাবলো ওনাকে বিশ্বাস করা যায়।
'তুমি তাকে বলো না কেন ?' প্রশ্ন করলেন এ্যন্টনী। ' তোমায় পেলে সে লাফিয়ে উঠবে, তোমার টাকা আছে, দিব্যি চেহারা, স্বভাবও মার্জিত, হাত দুটোও বেশ পরিস্কার পরিচ্ছন্ন তাতে ইউরেকা সাবান লেগে নেই।কলেজেও পড়েছো, অবশ্য তা নিয়ে মাথা ঘামাবে না মেয়েটা।'
"কিন্ত আমি সে সুযোগই পাচ্ছি না ", রিচার্ড বল্লো।
'সুযোগ তৈরী করে নাও, তাকে নিয়ে বেড়াতে যাও পার্কে, ঘোড়ায় চড়ার ব্যবস্থা করো বা গীর্জা থেকে হেটে বাড়ী আসো , সুযোগ হুঁ !' এক নিশ্বাসে বলে উঠে বুড়ো এ্যন্টনী।
"আপনি সমাজের কলটাকে চেনেন না, বাবা । যে স্রোত কলটাকে চালায় মেয়েটা তারই অংশ। তার সময়ের ঘন্টা মিনিট আগে থেকেই হিসেব করা।মেয়েটাকে না পেলে আমার দুনিয়া আঁধার হয়ে যাবে।অথচ তাকে আমি সেটা লিখতেও পারি না, আমি পারবো ও না"।
'তুমি কি বলতে চাও আমার স্বর্বস্বের বিনিময়েও তাকে দু এক ঘন্টার জন্য কাছে পেতে পারো না ?'
"বড্ড বেশী দেরী হয়ে গেছে বাবা।পরশু দুপুরে সে দু বছরের জন্য ইউরোপ যাচ্ছে। বর্তমানে সে অনেক দুরে তার খালার বাসায় আছে। কাল সন্ধ্যায় সেন্ট্রাল গ্র্যান্ড স্টেশন থেকে তাকে নিয়ে গাড়ীতে করে ব্রডওয়ে হয়ে ওয়ালকস থিয়েটারে যাবার অনুমতি পেয়েছি। থিয়েটারের লবিতে তার মা ও অন্যান্য আত্বীয়স্বজনরা থাকবে। আপনি কি মনে করেন ঐ পরিবেশে ঐ সাত আট মিনিট সময়ে সে আমার কথা শুনবে ?
না বাবা এ জট খোলার সাধ্য আপনার টাকারও নেই।টাকা দিয়ে যদি সময় কেনা যেত তাহলে ধনীরা অনেকদিন বেশী বাঁচতো।"
'ঠিক আছে তুমি ক্লাবে যাও আর তোমার লিভারের অসুখ হয়নি শুনে অনেক খুশী হোলাম। মাঝে মাঝে মাজুমা দেবের মন্দিরে ধুপকাঠি জালাতে ভুলো না।তুমি বলতে চাও টাকা দিয়ে সময় কেনা যায় না?
অবশ্য নিদির্ষ্ট মূল্যের বিনিময়ে অনন্তকালকে বেঁধেছেঁধে তোমার বাসায় দিয়ে যাবে না। কিন্ত অনেক সময় দেখেছি সোনার খনির ভেতর দিয়ে চলার সময় "কালদেবের পা " বেশ জখম হয়, ফলে তিনিও আস্তে হাটতে বাধ্য হন।'
রাতে এ্যান্টনী যখন কাগজ পড়ছিলেন তখন তার বোন এ্যলেন এসে হাজির হলেন। যদিও লোলচর্মা বৃদ্ধা তবুও সে বেশ ভদ্র, সহানুভূতিশীল এবং উচ্ছাসপ্রবন।এসেই তিনি প্রেমিকাদের দুঃখের কাহিনী শুরু করলেন।
'সে আমাকে সবই বলেছে । আমার সব টাকা এ ব্যাপারে সে ইচ্ছেমত খরচ করতে পারে বলে জানিয়েছি। জানো সে কি বল্লো ! বল্লো টাকায় কিচ্ছু হবে না, আমি একা কেন দশ জন কোটিপতির টাকায়ও নাকি সামাজিক নিয়মের বিন্দুমাত্র ব্যাতিক্রম হবে না'।
"এ্যান্টনী তুমি যদি টাকার কথা এত বেশী না ভাবতে! সত্যিকারের ভালোবাসার কাছে টাকা কিছুই না। প্রেম শ্বাস্বত,সর্বশক্তিমান। ও যদি একটু আগেও মুখ খুলতো । এখন আর সময় নেই বলেই মনে হয়। তোমার সমস্ত বিষয় সম্পত্তিও তোমার একমাত্র সন্তানের জীবনে সুখ এনে দিতে পারবে না"।
পরদিন সন্ধ্যায় এ্যলেন পিসী পোকা খাওয়া এক বাক্স থেকে অদ্ভুত ডিজাইনের এক সোনার আংটি বের করে রিচার্ডকে দিলেন।
'আজ রাতে এটা পরো কেমন, তোমার মা আমার কাছে রাখতে দিয়েছিলেন, বলেছে এটা ভালোবাসায় সৌভাগ্য আনে। রিচার্ড যখন তার সত্যিকারের ভালোবাসা খুজে পাবে তখন তাকে দিও'।
তরুন রকওয়াল শ্রদ্ধার সাথে আংটিটি নিয়ে পরতে চাইলো। কিন্ত আংগুলে না লাগায় বুক পকেটে রাখলো।তারপর গাড়ী নিয়ে স্টেশনে সেই জনসমুদ্রের মধ্য থেকে ঠিক ৮.৩২ মিনিটে মিস ল্যান্ট্রিকে খুজে বের করলো।
"মা আর সবাইকে বসিয়ে রাখা ঠিক হবে না কি বলেন ?" মিস ল্যান্ট্রি বল্লো।
'যত তাড়াতাড়ি পারো ওয়ালকস থিয়েটারে চলো', ড্রাইভারকে হুকুম দিল রিচার্ড।
ফর্টিসেকেন্ড স্ট্রীট পার হয়ে তীরবেগে ব্রডওয়ের দিকে এগিয়ে চল্লো।থার্টিফোর্থ স্ট্রীটে এসে রিচার্ড গাড়ী থামাতে হুকুম দিয়ে দরজা খুলে ফেল্লো।
আমার মা এর দেয়া আংটিটি পরে গেছে। ওটা আমি হারাতে চাইনা, আমি দেখেছি কোথায় পরেছে।এক মিনিটে নিয়ে আসবো' কৈফিয়ত দিল রিচার্ড।
এক মিনিট না হতেই সে আংটি নিয়ে ফিরে আসলো কিন্ত তার মধ্যেই একটা গাড়ী ঠিক আড়াআড়ি ভাবে সামনে এসে দাড়িয়েছে। ড্রাইভার বাঁদিক দিয়ে বেরোতে চাইলো কিন্ত ভারী এক এক্সপ্রেস ওয়াগন তাকে বাধা দিল।ডানদিক দিয়ে চেষ্টা করলো কিন্ত সেখানে একটা ফার্নিচার ভ্যান, যার ওখানে ঐ সময় থাকার কথাই না ..পথ আটকালো।
ড্রাইভার পিছিয়ে যেতে চেষ্টা করলো সেটাও সম্ভব হলো না।অসংখ্য গাড়ী ঘোড়ার ভীরে সব পথ বন্ধ।
মাঝে মাঝে যে ধরণের যানজটে বড় বড় শহরে অচলাবস্থার সৃষ্টি হয় ঠিক তেমনটি।
"গাড়ী চলছে না কেন ! আমাদের যে দেরী হয়ে যাবে" অধৈর্য্য ল্যান্ট্রি বলে উঠে।
রিচার্ড উঠে দাড়িয়ে চারিদিকে তাকিয়ে দেখলো তাদের চারিদিকে এত গাড়ীর ভীড় মনে হয় ২৬ ইন্চি কোমরে ২২ ইন্চি বেল্ট পরা হয়েছে। তবু এখনো চারিদিক দিক থেকে পুর্নবেগে আরো গাড়ী এগিয়ে আসছে।ফলে ভীড়ের চাপ আর ড্রাইভারদের গালাগাল গোলমাল আরো বাড়িয়ে তুলছে।
মনে হয় সমস্ত ম্যানহাটনের যানবাহন তাদের আশে পাশে জড়ো হয়েছে।
রাস্তার দুপাশে হাজার হাজার লোক দাড়িয়ে এ দৃশ্য দেখছে এবং সবচেয়ে বেশীদিন ধরে নিউইয়র্কে আছে যে সেও নাকি এমনটি কখোনো দেখেনি।
'আমি সত্যি দুঃখিত যদি আংটি টা না পড়তো তাহলে এতক্ষনে আমরা ...মনে হয় এক ঘন্টার আগে এটা ছাড়বে না আমারই দোষ,' বল্লো রিচার্ড।
" আংটিটা একটু দেখিতো , কিছুই যখন করা যাবে না তখন ভেবে আর কি হবে। তাছাড়া থিয়েটার আমার একঘেয়ে লাগে" মিস ল্যান্ট্রি বলে উঠে।
রাত ১১টায় এ্যান্টনী রকওয়ালের দরজায় কে যেন মৃদু টোকা দিল।
'ভেতরে এসো' লাল ড্রেসিং গাউন পরা এ্যান্টনী চেঁচিয়ে উঠলেন।জলদস্যুদের উপর একটা বই পড়ছিলেন তিনি। ভেতরে ঢুকলেন ধুসরকেশী দেবদূতী সদৃশ্য এ্যলেন পিসী।
"ওদের বিয়ে ঠিক হয়ে গেছে মেয়েটা রিচার্ডকে বিয়ে করবে বলে কথা দিয়েছে," মৃদূস্বরে বল্লেন তিনি।
"থিয়েটারে যাবার পথ গাড়ীর জ্যামে এমন ভাবে বন্ধ হয়ে গিয়েছিল যে তাদের গাড়ী সেটা ঠেলে আর বেরোতে পারে নি। বুঝলে আর কখনো টাকার ক্ষমতা নিয়ে আর বড়াই করো না। প্রকৃত প্রেমের ক্ষুদ্র প্রতীক সামান্য একটি আংটি রিচার্ডের জীবনে সুখ এনে দিয়েছে। সেটা মাটিতে পরে গিয়েছিল আর তা তুলে আনার আগেই রাস্তা বন্ধ হয়ে যায়। সেই অবরূদ্ধ গাড়ীতে সে তার প্রিয়াকে প্রেম নিবেদন করে আর জয়ও করে। প্রকৃত প্রেমের কাছে টাকা কিছুই নয়"।
'যাক ছেলেটা যা চেয়েছিল তা পেয়েছে এতেই আমি খুশী' বুড়ো বলে উঠে।আমি তাকে বলেছিলাম যত টাকা লাগে ...'
"কিন্ত তোমার টাকা কি ই বা করতে পারলো!" বল্লো এ্যলেন পিসী।
'এ্যলেন আমার জলদস্যু ভীষন বিপদে আছে, তার জাহাজ ফুটো হয়ে গেছে, টাকার দাম সে এত ভালো বোঝে যে তাকে ডুবিয়ে দেয়া ঠিক হবে না , একটু অপেক্ষা করো বোন এই অধ্যায়টা শেষ করে নেই' বলে উঠলো এ্যন্টনী।
গল্পটা এখানে শেষ করতে পারলে ভালো হতো , কিন্ত সত্যকে উদ্ধার করতে হলে কুয়োর নীচ পর্যন্ত যেতেই হবে।
পরদিন কেলী নামের একজন এ্যন্টনীর সাথে দেখা করতে আসলো।আসা মাত্রই লাইব্রেরীতে সাদর অভ্যর্থনা।
'এই যে সাবানের বিলটাতো ভালোই ছিল, তুমিতো ৫হাজার ডলার নগদই পেয়েছো, তাই না '? বলে চেক বইটার দিকে হাত বাড়ালেন।
"আরও ৩০০ ডলার নিজেই দিয়েছি", কেলী বল্লো।
হিসেবের চাইতে কিছু বেশী খরচ হয়েছে, এক্সপ্রেস ওয়াগন আর ট্যাক্সি প্রতিটির পিছনে ৫ ডলার কিন্ত ট্রাক আর ঘোড়ার গাড়ী বেশীরভাগই ১০ ডলার করে নিয়েছে। মোটর চালকরা চেয়েছিল ১০ ডলার আর কয়েকটা মাল বোঝাই গাড়ী ২০ ডলার করে নিয়েছে। সবচেয়ে মুশকিলে ফেলেছে পুলিশ, তাদের কে ১০০ ডলার আর বাকী সবাইকে ২০ আর২৫ ডলার করে।কিন্ত মিঃ রকওয়াল অভিনয়টা কি নিখুত হয়নি ??' মিঃ উইলিয়াম ব্র্যাড এই অরাজক অবস্থা দেখতে হাজির ছিলেন না । ঐ দৃশ্য দেখলে হিংসায় বুক ফেটে মরতো।সবাই ঠিক নির্দিষ্ট সময়ে কি করে যে হাজির হলো সেটাই আশ্চর্য। দু ঘন্টার কমে একটা সাপেরও সাধ্য ছিলনা গ্রিলির মুর্তিটা পর্যন্ত যায়"।
'তেরশ ডলার ---এই নাও কেলী ", চেকটা ছিড়তে ছিড়তে বল্লো এ্যন্টনী ।
:তোমার ১০০০ আর যে ৩০০ ডলার তুমি খরচ করেছো। তুমি নিশ্চয় টাকাকে ঘৃনা করো না, কি বলো?'
"আমি!' কেলী বলে উঠে 'যে দারিদ্র্য কথাটা আবিষ্কার করেছে তাকে পেলে ছিড়ে টুকরো টুকরো করে ফেলতাম"।
কেলী দরজার কাছে গেলে এ্যান্টনী তাকে ডেকে বল্লো,
'আচ্ছা ঐ ভীড়ের মধ্যে তুমি কি তীর ধনুকধারী উলংগ এক মোটামত বাচ্চা ছেলেকে দেখেছিলে ?'
কেলী বিস্মিতভাবে বল্লো, " না তো ! আপনি যেমন বলছেন ওমন কেউ থাকলে আমি যাবার আগেই মনে হয় পুলিশ তাকে তাড়িয়ে দিয়েছে"।
'আমি আগেই ভেবেছিলাম কাজের সময় শয়তানটাকে পাওয়া যাবে না ' হেসে উঠলেন এ্যান্টনী রকওয়াল, আচ্ছা এবার তুমি যেতে পারো কেলী।বিদায়'।
***
এই গল্পটি অনুবাদ করেছেন জনাব আবুল খায়ের আহমেদ।
সংক্ষিপ্ত ও পরিমার্জিতঃ জুন
ছবিটি নেট থেকে নেয়া
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




