যুবকের বিরহরচনা
জ্যোতির্ময় বিশ্বাস
১|
বিরহ, কেন ঘুরেফিরে আমার প্রেমের কাছেই আসো
কীসের তালাশ? ভিতরে কতটা অসাড়
ঝিম মেরে গেছে কিনা কলিজা, তাই দেখো?
আমি তো বলেছি সেই কবে কোনকালে
আক্ষেপ রাখবোনা কোনো
জানি
পৃথিবীর সব প্রান্তরে
এরকম খেলাধুলো চলে।
জানিনা
আদতে ব্যর্থ কিনা, কতটা অংশীদার, কতটা শিকার...
বিরহ, ঘুরেফিরে সেখানেই কেন
যেখানে
আমার
ঈশ্বরীর
অমোঘ বিস্তার...
২|
অন্ধকারের পর বনাঞ্চলে যেওনা ও মেয়ে
তোমার একাধিক ছায়া শুকনো পাতার ওপর ওঁত পেতে আছে
গুল্মবৃক্ষলতায় একাধিক ডাকনাম ঝুলে আছে তোমার
বাকল খুলে দাঁড়িয়ে আছে উদ্ভিদসঙ্গগুলো।
তুমি চলে এসেছিলে
নাজুক পায়ে শব্দ তুলে
তোমার হরিণস্বভাব দৌড়।
অবিন্যস্তা রে, কিশোরী
মনে রাখিস অন্ধকারে
পৃথিবী কেবলই ধারণা
কাছাকাছি যথারীতি আছে-
এরকম একটা অভিনয় করে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




