সকাল বেলা জেগেই দেখি সূয্যিমামা গায়েব !
মেঘবাবুরা দিচ্ছে টহল দিব্যি সেজে সায়েব !
আকাশ যেন লজ্জা পেয়ে ঢুকলো মেঘের পিছেই;
ঠাণ্ডা বাতাস শীতের বোঝা চড়িয়ে দিলো মিছেই।
ঝম্ ঝমা ঝম্ শব্দ তুলে বৃষ্টি ঝরে চললো;
ঝাপসা আঁধার তাই ঘরেতে বিজলি বাতি জ্বললো।
হঠাৎ আমার পড়লো মনে পাঠশালা আজ বন্ধ।
একটু না হয় পড়েই নিলাম হয় না তেমন মন্দ।
পড়ার পরে চারটে খেয়ে ঘুম দিলে খুব করে;
রাজা হবার সাধ হবে না এমন ঘুমের পরে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


