অক্ষর বাক্যের তুমি এক চনমন চঞ্চল আপন
কয়েছ আহমদ বকুল
<><><><><><><><><><><><><><>
ঘৃণার উপকরণ বলতে কেবল এক তোমাকেই চিনি
অথচ সবকটি প্রেমের কবিতায়
তোমার সদর্প বিচরণ সন্ধ্যাতারা.........
হাতধরা পথের বাঁক
শেষরাতের অসহায় সরল ঝোনাক
খোঁপা ঝরা পুরাতন চামেলির রেণু
ঘৃণার পার্বণ প্রভাতে
কিলবিল কলঙ্কের মতো
অবিরত তোমায় আঁকে আমার প্রেমের কবিতায়
তুমি নদী হয়ে নন্দিত দুপুরে
বুকের তরঙ্গে ভাসাতে দিয়েছিলে শখের নৌকা
আজ যখন জল তৃষ্ণায় কাতর নগর
ডিঙি নৌকা ডাঙ্গায় ইসপিস
তুমিতো কুর্ণিশ কারো
তুমিতো ভুলে গেছো জল নৌকার সৌখিন সঙ্গম
বাঁচতে হলে ঘৃণা চাই, ঘৃণাই কেবল বাঁচিয়ে রাখতে পারে
জেনেছি সত্য তবু
অক্ষর বাক্যের তুমি এক চনমন চঞ্চল আপন..........।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



