নীলরঙা আকাশটায় যেন কেউ একেবারে ভালোবেসে রঙ ছড়িয়ে দিয়েছে। সাদা আর লালের ছলছল ছটা মিশে গেছে নীলের গভীরতায় যেনো কেউ হালকা তুলির টানে মন ছুঁয়ে গেছে। কোথাও সাদা সাদা মেঘ, হেসে হেসে ভেসে যাচ্ছে, পাল তুলেছে নতুন স্বপ্নের ডাঙায়। পুরো প্রান্তরটা যেন বাহারি রঙে ডুবে, আর সে রঙ দিগন্তরেখা ছুঁয়ে ফিরে আসে চোখে।
আমি চুপ করে বসে থাকি। আকাশ দেখি। রঙ দেখি। আর নিজের মনের নির্জনতাকে ছুঁয়ে দেখি।
আকাশের বর্ণিলতা আমাকে মুগ্ধ করে, কিন্তু সেই আনন্দেই গোপনে উঁকি দেয় এক ধরনের শূন্যতা। কেন জানি একরাশ দুঃখ এসে বলে, চেষ্টার পরও মনকে আর আকাশের মতো করে তুলতে পারিনি। আমার মন তো বিশাল নয়, সীমাবদ্ধতায় বাঁধা। তাই হয়তো ছোট ছোট কষ্টও জায়গা করে নেয় অনায়াসে। একফোঁটা হতাশা ছড়িয়ে দেয় গাঢ় রঙের ছোপ, যেখানে আনন্দের উচ্ছ্বাস হারিয়ে যায় নিঃশব্দে।
মন আকাশে কখনো কখনো জমে ওঠে ঘন কালো মেঘ। জমে থাকা চোখের বৃষ্টিও ধুয়ে ফেলতে পারে না সব ক্লান্তি। আলো হয়ে পড়ে ঝাপসা, স্বপ্ন হয়ে যায় অস্পষ্ট। ডানা মেলে উড়তে পারি না আর- উড়াল কেবল কল্পনায় বাঁধা পড়ে থাকে।
সময়ের স্রোতে, জীবনের হিসেব-নিকেশে, কোন এক অজান্তেই হারিয়ে যায় নিদ্রা। ভাবনারা এসে চুপিসারে দখল নেয় রাতের নিস্তব্ধতা, উচ্ছ্বাসগুলোকে পরাজিত করে দেয় বাস্তবতার বিষণ্নতায়।
তবু সময় তো বদলায়—
যেমন সূর্য ডুবে গেলে আকাশ হয় কালো,
তেমনই একদিন এই ঘন আঁধারেও হয়তো রঙ ফিরে আসবে।

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২৫ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



