একদিন বুঝি দূর হয়ে যাবে অন্ধকার
একদিন ভোরে হাট করে খোলা বন্ধদ্বার
একদিন পাখি গান গেয়ে যাবে ঘুমভাঙানিয়া
একদিন পথে বাঁশিবেজে যাবে দুখজাগানিয়া
সেই একদিন সত্যি সত্যি আসবে তো!
চতুর্দিকটা সুখসমুদ্রে ভাসবে তো!
একদিন চোখে টুপ করে নেমে আসবে ঘুম
হিংসের নদে বন্যার মত প্রেমের ধুম
একদিন সব গোপন আকুতি কইবে তো?
এত সুখ আর এত প্রানজ্বালা সইবে তো?
একদিন সব হাহাকারগুলো হারিয়ে যাক
আহামরি সব আহলাদগুলো শান্তি পাক
একদিন সব কথাগুলো হোক ছন্দময়
ক্ষনিকের তরে ভুলে যাক সব দন্দ্ব-ভয়
একদিন সবে স্বপ্ন দেখুক রাত্রিভর
যাযাবর যারা ফিরে পাক তবে আপনঘর
একদিন চোখে অশ্রুকণাতে মুক্তো হোক
একদিন প্রাণে প্রাণ ছুঁয়ে দিক আপন লোক
সেই একদিন সত্যি সত্যি আসবে তো!
চতুর্দিকটা সুখসমুদ্রে ভাসবে তো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



