আমার মন খারাপের সময়গুলিতে
এই শহরের সমস্ত আবর্জনা স্পষ্ট আর অসহ্য হয়ে উঠে দু'চোখে।
নিজেকে ছুটি দিয়ে পালিয়েছিলাম কিছুদিন আগে,
সমুদ্রের-পাহাড়ের আড়ালে।
ওমন সুন্দর আমি খুব বেশি দেখিনি; যতটা বেশি তাকিয়ে ছিলাম।
তোমার অনুপস্থিতি কি অনেক অনেক কমিয়ে দিয়েছিল আমার সৌন্দর্য বোধ?
সমুদ্রের বুকে, একটি দ্বীপের কাছাকাছি,
সবুজও নয় নীলও নয় এমন রঙের উপর
বড় একটি নৌকা ভাসছিল আর জল থেকে ঠিকরে আসছিল
ওই রঙ আর মৃদু রঙ্গিন আলো।
আমার একটুও জানতে ইচ্ছে হয়নি কি নাম ওই রঙের।
আর রাত শেষ হবার আগের সমুদ্রতীর, ব্যালকনি,
পাহাড়ের মাথার ঠিক একটু ওপরে প্রায় পূর্ণ চাঁদ,
অসম্ভব সূক্ষ মসলিন কুয়াশা, নিস্তব্ধতাকে আরও গভীর করা সমুদ্র আর
রাতের অচেনা শব্দ আর এসবের মাঝে আমি একা...
সবকিছু মিলিয়ে
মনে হয়েছিল- এটাই সবচেয়ে নির্বোধ দৃশ্য।
আমার একটুও জানতে ইচ্ছে করেনি কাল পূর্ণিমা কি না।
চাঁদটাকে অসম্ভব ঘৃণায় বিশ্রী রকমের গালি দিতে গিয়ে
একটি ছোট্ট দীর্ঘশ্বাস ছেড়েছি।
আর আবিষ্কার করেছি, কি আশ্চর্যভাবে তুমি আমার কাছ থেকে
কেড়ে নিয়েছো সুন্দরকে নষ্ট করার ক্ষমতা।
(ফেব্রুয়ারী ২৩, ২০১১, ভালবাসার মানুষের প্রতি)
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




