বেড়ে যায় লাশের মিছিল
থামে না কিছুতেই।
নিমতলী, তাজরিন কিংবা টাম্পাকো
মানুষ পুড়তেই থাকে আগুনে।
লিখে যাই প্রতিবাদ
দু’চার দিন হা-হুতাশ,
পরে ভুলে যাই।
তারপর আবার আগুন
আবার পুড়ে জ্যান্ত মানুষ
হয়ে যায় কাঠ কয়লা।
গোরস্থান কিংবা চিতারও দরকার কি
কারখানাগুলোই এক একটা শ্মশান।
মানুষগুলো জ্বলে জ্বলে মিশে যায় মাটিতে।
সোনা পুড়লে খাঁটি হয়
তবে মানুষ পুড়লে হবে না কেন?
শ্রমিকও খাঁটি হয় কারখানার আগুনে।
রাজনীতি হয় লাশের
খুঁজে পাওয়া যায় না ঠিকানা কিংবা দেহ
অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় এখানে সেখানে।
তারপর আবার জন্ম নেয়
আগুনে পোড়া খাঁটি শ্রমিক হওয়ার নেশায়।
(১২.০৯.২০১৬)
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




