ঈদ এলেই চ্যানেল আইতে একটা গান শুনি,
'ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ
ঈদ মানে জোছনা রাতে হাসনাহেনার গন্ধ'
ঈদের এমন সুনির্দিষ্ট 'মানে' কিভাবে কে খুঁজে পেয়েছিলেন জানি না । আর চ্যানেল আইও কেনইবা প্রতি বছর এই গানটিই বাজিয়ে চলে কে জানে !
এবারকার মতো ঈদ-অবস্থা আমি আমার গত দুই যুগের জীবনকালে দেখেছি বলে মনে পড়ে না । চারদিকে কেমন থম ধরা পরিবেশ । ভয়, আতংক, ক্ষোভ, ঘৃণা, রোষ, দোষ চাপাচাপি... সব মিলেমিশে এক অদ্ভুত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি আমরা ।
রাতের আঁধারে একের পর এক নির্বিচারে হত্যা, নিপীড়িত জনতার আহাজারি, এই ক'দিন আগেই ধড়-পাকড় ত্রাসে নিরীহ রোযাদারদের অবর্ণনীয় কষ্ট... সব হাহাকার-দীর্ঘশ্বাস বুঝি এদেশের বাতাসে ভর করেছে এখন । বড় যন্ত্রণার এ সময় ! বড্ড কঠিন এ সময় !
মিথ্যার এই জনপদে প্রপাগান্ডা আর প্রতারণার বিস্তর ছড়াছড়ি । কাউকে যে বিশ্বাস করবো, ভরসা রাখবো সেই জো নেই ।
কে ঠিক, কে ভুল সেটা বিচার করার ক্ষমতা লুপ্ত তো হয়েছেই । কি হচ্ছে, কেন হচ্ছে, কার জন্য হচ্ছে সেটাও বোধকরি ঠিক ঠাহর করে উঠা যাচ্ছে না । এক জগাখিচুড়ি কিংবা জট পাকানো অবস্থায় যেন ফেঁসে গেছি আমরা, ফেঁসে গেছে আমাদের মনোজগৎ ।
এইসব দেশীয় কিংবা বৈশ্বিক দূর্যোগের সাথে ‘গোঁদের উপর বিষ ফোড়ার’ মতো যুক্ত হয়েছে প্রাকৃতিক দূর্যোগ । টানা কদিন অসহনীয় গরমের পর, এখন শুরু হয়েছে বিরামহীন বর্ষণ । একের পর এক অঞ্চল তলিয়ে যাচ্ছে জলের তলে । চারদিকে কেবল থৈ থৈ করছে জল, যেন জলের রাজ্যে রাজত্ব কেবল জলেরই ।
আমার এক বন্ধুর বাড়ি কুতুবদিয়া । ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তাঁরা ।
শান্ত-সুবোধ নদী, সাঙ্গু-কর্ণফুলী-মাতামুহুরির হঠাৎ কি যে হলো, এমনই অশান্ত-উত্তাল হলো যে সব লন্ডভন্ড করে ভাসিয়ে নিতে চায় ! সাগরের জলরাশিগুলোরও যেন সাধ হয়েছে হয়েছে স্বাদ নেবে, মানুষের সব হারানোর বেদনার । যেন কান পেতে শুনবে সর্বহারার বিলাপ-চিৎকার ।
মানব সৃষ্ট দূর্যোগ আর ঐশ্বরিক দূর্যোগের যুগল আক্রমনে আমরা দিকহারা, খেইহারা, দিশেহারা । ভীষণভাবে বিপর্যস্ত আমাদের মনোবল । এমন কঠিন সন্ধিক্ষণে বিশ্বাসীদের জন্য একমাত্র আশা-ভরসা ও নির্ভরতা হলো, মহান সৃষ্টিকর্তা ।
আগামীকালের লাখো মানুষের সম্মিলনে ঈদ জামাত গুলোতে আমরা যদি সাচ্চা দিলে মহান ক্ষমতাধরের কাছে এই দূর্যোগ থেকে রক্ষা চাইতে পারতাম, তাহলে অবশ্যই অবশ্যই মুক্তি পেতাম । কিন্তু আমরা সেটা পারবো না । কারণ সৃষ্টিকর্তার সাহায্য কামনাও লৌকিকতার চাদরে হারিয়েছে, তার স্বচ্ছতা ও শুদ্ধতা ।
আমরা মহান প্রভুর কাছে সাহায্য কামনার নৈতিক ভিত্তিটুকুও হারিয়ে ফেলেছি । একমাত্র আশা তিনি অতি দয়ালু, অতি মেহেরবান । তাঁর বান্দাদের এমন কঠিন দূরাবস্থায় তিনি যদি একটু রহম করেন, যদি একটুখানি রহমতের দৃষ্টি রাখেন !
মহান কল্যাণদাতা সকলের কল্যাণ করুন । মহান রক্ষাকর্তা সকলকে রক্ষা করুন, হেফাজত করুন ।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সা’লিহাল আ’মাল ।
(মহান আল্লাহ আমার ও আপনার সৎকাজগুলোকে কবুল করুন ।)
সবাইকে ঈদ মোবারক... ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

