বিজ্ঞান তো সব সমস্যার সমাধান দিতে পারে। তাই আমিও আমার সমস্যার জন্য বিজ্ঞানের আশ্রয় নিলাম। হঠাৎ আমার মাথায় এল যে বিজ্ঞানী আইনস্টাইনই তো এ বিষয়ে একটা ফর্মুলা দিয়ে গেছেন। তিনি তাঁর আপেক্ষিকতা বোঝানোর জন্য বলেছেন, ‘কোনো সুন্দরী মেয়ের পাশে আধা ঘণ্টা সময়কেও পাঁচ মিনিট বলে মনে হয়।’ আমিও মনে মনে ভাবলাম, তাই তো! কোনোভাবে যদি পাশের সিটে একটা সুন্দরী মেয়ে বসে, ব্যস, ১২ ঘণ্টা ভ্রমণকে মনে হবে মাত্র দুই ঘণ্টা! কিন্তু পাশের সিটে তো সুন্দরী দূরে থাক, মেয়ে পাওয়াটাই দুষ্কর। সুন্দর না অসুন্দর, সেটা পরে দেখা যাবে। আপাতত যাতে পাশে মেয়ে বসে, সেই ব্যবস্থা করতে হবে। তাই কাউন্টারে টিকিট কাটার সময় বললাম, ভাই, এই টিকিটে আমার বোন যাবে, একটু দেখেশুনে সিট দিয়েন, পাশে যাতে মেয়ে থাকে।
তারা বলল, ‘ঠিক আছে, কোনো সমস্যা নেই। দিয়ে দেব।’
ভ্রমণের দিন আস্তে আস্তে চলে এল। নির্দিষ্ট সময়ের আগেই আমি বাস কাউন্টারে উপস্থিত। কাউন্টারের আশপাশে যে মেয়েকেই দেখি, তাকেই মনে হয় আমার পাশের সিটের যাত্রী। এমন সময় একটা মেয়েকে দেখে আমি পুরো টাসকি খেয়ে গেলাম। এত সুন্দর মানুষ হয় কীভাবে! এই রকম সুন্দর মেয়ের বর্ণনা কেবল হুমায়ূন আহমেদের বইতেই পাওয়া যায়। যদি এই মেয়ে সেই কাঙ্ক্ষিত যাত্রী হয়, তা হলে তো কথাই নেই। সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম, যখন বাসে উঠে দেখি ওই মেয়ে আমার সিটে বসে আছে। আমি কোনোভাবে নিজেকে সামলে মেয়েটির সামনে গিয়ে বললাম, এটা মনে হয় আমার সিট। আপনার সিট পাশেরটা। মেয়েটি কোমল স্বরে বলল, ‘ওহ্ সরি, আমি তো যাচ্ছি না, যাচ্ছে আমার নানু। আমি আসলে নানুকে বাসে উঠিয়ে দিতে এসেছি।’ তখন আমার চোখ গেল পাশের সিটে—সত্যিই তো, একজন বৃদ্ধা বসে আছেন। মেয়েটার প্রতি এতটাই আকৃষ্ট ছিলাম যে খেয়ালই করিনি। এর মধ্যে আমার চোখে-মুখে অন্ধকার দেখা শুরু হয়ে গেছে। মেয়েটি আবারও শুরু করল, ‘নানু একা যাচ্ছে, তাই পাশের সিটের যাত্রীর জন্য অপেক্ষা করছি। আপনি প্লিজ আমার নানুকে একটু দেখবেন। ওখানে কাউন্টার থেকে আমার মামা এসে নানুকে নিয়ে যাবে।’ আমি জোর করে মুখে হাসি ফুটিয়ে বললাম, কোনো সমস্যা নেই। আমি তো আছি। মেয়েটি তার নানির কাছে বিদায় নিয়ে হাসিমুখে চলে গেল।
কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়ল। বাস ছাড়ার আধা ঘণ্টার মধ্যেই যা হওয়ার তাই হলো, বাস পড়ল ভয়াবহ জ্যামে আর সঙ্গে সঙ্গে নানিরও শুরু হয়ে গেল বমি। তাঁর এখন একমাত্র অবলম্বন আমি। তাই আমাকেই সামলাতে হলো তাঁকে। তখন আমার আইনস্টাইনের আরেকটা ফর্মুলার কথা মনে পড়ল। ‘আগুনের পাশে এক মিনিটকেও আধা ঘণ্টা বলে মনে হয়।’
দিপ্ত
[পত্রিকা থেকে]
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


