সেই মন প্রাণ খুলে গল্প করার দিন শেষ
শুধু তাড়াহুড়ো করে যদি কিছু কথা বলে ফেলা যায়
সময় যা ছিল হাতে সবটাই নিঃশেষ
পড়ে আছে শুধু অজস্র অসময়
তাই হলদে পাখিরা এই শহরে আর ফিরে আসে না
শুধু বেড়ে চলে ডিজেলের ধোঁয়া রাস্তায়
সেই ল্যাংটা ছেলের দল ফুটপাত ঘিরে আর হাসে না
বেড়ে গেছে রাতারাতি বয়স অসময়।
তাই বৃষ্টি নামলে পরে মন আর জুড়িয়ে যায় না
শুধু চাপ চাপ কাদা প্যাচপ্যাচে সংশয়
কারো মুখে আর কোন মিষ্টি হাসি মানায় না
তেঁতো হয়ে গেছে সব হঠাৎ অসময়।
তাই কোনদিন যদি একা একা একা জানালার পাশে
কোন খয়েরী বিকেল বেলা কান্না পেয়ে যায়
নিয়ে কথার ছলে শ্যাওলায় ভেজা গানটা আমার
ফিরে আসবো তোমার কাছে হঠাৎ অসময়।
আজ বৃষ্টি নামবে বলে বেড়ে গেছে তাড়াহুড়ো সকলের
ভাসবেনা নীল কাগজের নৌকো নালায়
আজ তাড়াহুড়ো করে গিয়ে ঘরের দরজাটা বন্ধ
ভেসে যাবে শরীর আবার অসময়।
তাই স্যাঁতস্যাঁতে সকলের ঘর-দোর চৌকাঠ
রোদের রং শুধু বদলায় আকাশের গায়
মনের ভেতর সব হয়ে গেছে অকারণ ফ্যাকাশে
বিস্বাদে ভরা চোখ দেখে যায় অসময়।
তাই হলদে পাখিরা এই শহরে আর ফিরে আসে না
শুধু বেড়ে চলে ডিজেলের ধোঁয়া রাস্তায়
সেই ল্যাংটা ছেলের দল ফুটপাত ঘিরে আর হাসে না
বেড়ে গেছে রাতারাতি বয়স অসময়।
তাই কোনদিন যদি একা একা একা জানালার পাশে
কোন খয়েরী বিকেল বেলা কান্না পেয়ে যায়
কথার ছলে এই গানটা তোমার কাছে
নিয়ে আসবো ফিরে হঠাৎ অসময়
আমি আসবো ফিরে হঠাৎ অসময়
আমি আসবো ফিরে সময় অসময়
নিয়ে আসবো ফিরে হঠাৎ অসময়
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




