কেমন আছো?
ভাল আছি কিংবা নয়........
আমি আবার পাড়ি দিতে যাচ্ছি দূরে,
ইদানিং দূরত্বকেই 'দুর্দান্ত' মনে হচ্ছে-
মানুষ কিংবা নিজ থেকে।
বুকে করে নিয়ে যাচ্ছি একমুঠো সুখ,
কোমল আলোর মত ভালবাসা
আর অসাধারণ মূহুর্ত কিছু।
সারাদিনের ব্যস্ততা, কাজ শেষে ঘরে ফেরা-একা;
মনে পড়বে অপেক্ষায় থাকা উদ্বিগ্ন একটা মুখ,
বুকে যখন হাহাকার তুলে দিবে
জ্বেলে দিবে সে আলোটুকু-ভালবাসার।
কিপটের মত একমুঠো সুখ থেকে তুলে নিবো এক চিমটি,
ছড়িয়ে দিবো আমার বিছানায়-
চোখে যদি নেমে আসে শান্তির ঘুম।
সারাদিন পড়ালেখা, হাড়ভাঙা খাটুনি তারপরে,
রাত করে হেঁটে আসা নির্জন পথে-একা;
হাঁটু ভেঙে আসে, বুক চিরে যায়
একে একে ঝাঁপি খুলবে আমার,
বস্তাবন্দী আনন্দের মূহুর্তগুলো---
সারা বিকেল রিকশায় ঘুরে বেড়ানো,
হুট করে থেমে ফুচকা কি ঝালমুড়ি খাওয়া...অথবা হাওয়াই মিঠাই...
আড্ডা, হইচই, হাসি-আনন্দ, বন্ধু কিংবা ভালবাসা
কৃপণের মত আগলে রাখা স্মৃতিগুলো,
যেন ফিরিয়ে দেয় শরীরের শেষ শক্তিবিন্দু।
থেমে যাওয়া নয়, এগুতে হবে যে সামনে!
তাই তোমাদের বন্দী করে নিয়ে যাচ্ছি স্মৃতির ফ্রেমে;
ভুলে যাওয়ার চেষ্টায় আরো বেশি মনে পড়া,
আর তাই নিয়ে বেঁচে থাকা..........
ভাল থেকো.....ইচ্ছামত।।
.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


