ছেলেটি বড়ই ক্লান্ত আজ। ক্লান্ত হবে নাই বা কেন? সারাটা দিন রুজী-রোজগারের পথে ঘুরে বেড়িয়েছে সে। তার প্রফেশনটি খুবই কঠিন, শুধু কঠিনই নয় অনেকখানি ঝুঁকিপর্ণও।
গলির মুখে সস্তাদামী হোটেলটিতে ঢুকে পড়ল সে। এখানেই তার প্রতিদিনের খাবারের সুব্যবস্থা হয়। খবার মানে ভাত, ডাল আর আলু ভর্তা । এটাই এখানকার সবচেয়ে কমদামী প্যাকেজ। সারাদিন প্রচুর হাঁটাহাঁটি হয়েছে তার । তাই পেটে দরিয়ার মতো ক্ষুধার ঢেউ বয়ে যাচ্ছিল অনবরত। সে গোগ্রাসে কয়েক প্লেট ভাত খেয়ে শেষ করল। খেয়েই আর দাড়াল না সোজা বেড়িয়ে চলে এল তার খুপরিখানায়। একপাশে একটা সিঙ্গেল চকি, একটি টেবিল, একটি আলনা ও কিছু কাপড় চোপড়। টেবিলে একটা কলসিতে কিছু পানি রাখা আছে। কলসির উপর উপুড় করে রাখা একটি গ্লাস। সে এক গ্লাস পানি নিয়ে এক নিশ্বাসে গিলে ফেলল। তারপর গিয়ে বসল চকিত। তার নিয়মিত রুটিন মত এখন তার কাজ, সারাদিনের অক্লান্ত পরিশ্রমে অর্জিত অর্থের পরিমাণ কত হয়েছে তার হিসাব করা।
আজ সারাদিনে সে মারতে পেরেছে মাত্র দুটা পকেট। অবশ্য মাত্র বলাটা ঠিক হবেনা। মাঝে মাঝে তাকে শূন্য হাতেও ফিরতে হয়। আর কপালে দুঃখ থাকলে তো কথায় নেই, কিল ঘুষি খেয়ে কোনমতে পালিয়ে বাঁচতে হয় তাকে। কি জানি কোনদিন হয়তো এভাবেই মৃত্যু এসে দাঁড়াবে তার দ্বারগোড়ায়। আবার যদি কোনদিন দিন ভালো না যায়, দেখা যায় পকেটে হাত দিয়েছে, জাস্ট মানিব্যাগটা পিক করবে, ঠিক তখনই জনৈক ব্যক্তি নড়ে উঠে, সে তৎক্ষণাৎ হাত সড়িয়ে নেয় এবং ভাব দেখায় যেন সে পাশ কাটিয়ে হেঁটে যাচ্ছিল। এভাবেই অর্জিত হয় তার প্রতিদিনকার উপার্জন।
সে একটি মানিব্যাগ তুলে নিল। খুবই দূর্বল একটা মানিব্যাগ। মানুষ অনেক হুশিয়ার হয়ে পড়েছে আজকাল। মানিব্যাগে ১০০/১৫০ টাকার উপরে নিয়ে তেমন একটা বের হয় না কেউ। মানিব্যাগটি ভর্তি অসংখ্য ভিজিটিং কার্ডএ । যেন মানিব্যাগ নয় ভিজিটিং কার্ড ব্যাগ। কয়েকটি ১০ টাকার নোট বেরিয়ে এল সাথে একটি ৫০ টাকাও ।সব মিলিয়ে ৯০ টাকার মতো হলো। টাকা গুলি নিয়ে সে মানিব্যাগটি ছুড়ে ফেলে দিল, অনেকটা ক্ষোভ মিশ্রিত ভঙ্গিমায়। তার কি এসে যায় ওখানে কার কি প্রয়োজনীয় কাগজপত্র আছে তাতে?
২য় মানিব্যাগটি খুলতেই তার চোখে-মুখে আনন্দের উজ্জল রেখাচিহ্ন ভেসে উঠল। বেশ কয়েকটি ১০০ টাকার নোট বেড়িয়ে এল। চকচকে নোট মনে হয় একটু আগেই ব্যাংক থেকে উঠানো হয়েছে। দুটি ৫০০ টাকার নোট সহকারে সর্বমোট টাকার অংক দাঁড়ালো ২১০০ টাকায়। তার দিনটি দেখা যায় খুবই ভালো আজ। পরবর্তী কয়েকটা দিন আনন্দ- ফুর্তি করে কাটিয়ে দেওয়া যাবে। টাকাগুলো নিয়েই সে মানিব্যাগটি যথারীতি ছুঁড়ে মারছিলো কিন্তু তার চোখ পড়ল মানিব্যাগে সযত্নে রাখা একটি ছবিতে।
তিনটি হাৎসোজ্জল মুখ কি পরম ভালোবাসায় পরস্পরকে জড়িয়ে ধরে আছে। মাঝের ছেলেটি তার দুহাত দিয়ে গলা জড়িয়ে আছে তার দুপাশের জনের। বুঝাই যাচ্ছে একজন তার মা এবং অন্য জন তার বাবা। সে ভাবল কি সৌভাগ্যবান এ ছেলেটি তার বাবা-মায়ের স্নেহতলে নিজেকে আবেষ্টন করে রাখতে পেরেছে। সে তো তার বাপ-মায়ের ছায়া স্বপ্নেও কভু দেখেনি। তার জন্ম যখন হয়েছেই তখন একজন মা একজন বাবা তো অবশ্যই আছে। কিন্তু সে কোনদিন তাদের স্নেহের পরশ তার শরীরে অনুভব করতে পারেনি। একটি বারের জন্যও না।
তার পালক পিতা পকেটমার কদ্দুস আলী তাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। হয়ত তাকে অমানুষই করে তুলেছে কিন্তু তবুও তো তার মধ্যে এতটুকু মনুষ্যত্ব বোধ তো বেঁচে ছিল যে একটি শিশুকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনে নতুন জীবন দান করেছে! এই সুন্দর পৃথিবীর অপার মহিমা উপভোগ করার অধিকার তো তারও আছে ঠিক ততটুকু যতটুকু অন্য সবার। বানাকই না তাকে কুবিদ্যায় পারদর্শী। তবুও তো ঐ তথাকথিত কিছু সুশিক্ষিত (অপশিক্ষায় দীক্ষিত), সুশীল (অশ্লীল) সমাজের সুনাগরিক (কুনাগরিক) যারা প্রেমের ভুল ব্যাখ্যায়িত করে অন্যের জীবনকেই ভুল বানিয়ে রেখে দেয় তাদের মতো নৃশংসতার পরিচয় দেয়নি। মাঝে মাঝে তার অবাক লাগে, পুলিশ কিংবা জনগন তাদের মত ছিচকে চোর-পকেটমারদের হাতের নাগালে পেলে পিটিয়েই মেরে ফেলে বুঝি কিন্তু যারা সভ্যতার অপসংস্কৃতির মায়াজালে আকৃষ্ট হয়ে প্রতি পদে পদে ভুলের জন্ম দিয়ে থাকে তাদের কেউ কিছু করে না। তারা বহাল তবিয়তে সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ হয়ে দিন কাটায়।
** আমি মোটেও ভালো গল্প লিখতে পারিনা। আমার মাথায় গল্প লিখার কোন ভালো থিমই আসে না। তবুও আজ একটা টেরায় দিলাম। ভালো মন্দের বিচার আপনাদের হাতে.........
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


