অতঃপর সুনসান নিরবতায়
থেমে যায় বাঈজীর নাচ,
পানশালায় জ্বলে ওঠে প্রথাসিদ্ধ আলো;
বাইরে শিশির ও কুয়াশায়
ভারী হয়ে আসে রাতের আকাশ।
একজন মানুষ হেঁটে যায়
রাস্তার মাঝামাঝি পথ ধরে,
একটি দ্রুতগামী বাহনের চালক
খিস্তি আওড়াতে আওড়াতে পাশ দিয়ে চলে যায়।
তারপরের প্রত্যুষে তুমুল সূর্যের নীচে
কিছু সমবেত মানুষ ফুল হাতে দাঁড়িয়ে থাকে,
কেউ কেউ অস্ফুটে বলে ওঠে
'স্মৃতিফলকটা যেন নিখাঁদ পাঁথরের হয়
আর সহজে যেন ক্ষয়ে না যায়'।
তারপর আরেকটি কুয়াশা ও শিশির মাখা সকালে
কিছু মানুষ ফুল হাতে আবার সমবেত হয়
অতঃপর অতঃপর
এভাবে স্মৃতিফলকের নামটা ক্রমশঃ অস্পষ্ট হয়ে ওঠে।
৮ই নভেম্বর ২০১৬
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



