রক্ত ঝরেছে, রক্ত!
বেদনার বেলাভূমে লেখা আছে হাজারো নাম
অনুভূতিহীন, মুক্ত।
যেন তাঁরা আমাদের কেউ নয়
বন্ধনহীন, কাছে টানার নেই কোন তাড়া;
যেন কোন এক স্নিগ্ধ অতীত সকাল, কুয়াশার ভোর
অথবা বকুলের ঝরে পড়া,
তারপর মৃত সব ঘাসের মত সীমাহীন নীরবতা।
যারা গিয়েছে চলে কখনো কখনো তাঁরা ফিরে আসে
ফিরে আসে নিদ্রায়,
কখনো ঘুম ভেঙে গেলে আধো জাগরণে।
আমাদের অনেকের মতই তারাও স্মৃতিহীন,
তাঁদের রেখে যাওয়া রক্তবীজ অক্ষম দৈন্যতায়
নিজের কাছেই এক স্ববিরোধী
নিজেরই স্মৃতির এক নির্মম হন্তারক।
যারা গিয়েছে চলে তাঁরা তবু ফিরে আসে,
ফিরে আসে--
ফিরে আসে অক্ষম আক্রোশে;
ফিরে আসে ঢেউয়ে, কনকনে শীতের মাঘি বাতাসে
ফিরে আসে মার্চ শেষে অনেকটা দিন পরে
আবার সেই মাঘি বাতাসে,
ডিসেম্বরের কোন কোন রাতে
উজালা জ্যোৎস্নায়
জ্যোৎস্নায়--।
তবু তাঁরা ফিরে আসে
শতাব্দীর পরে শতাব্দী,
জেগে ওঠে শ্রমিকের কাস্তে হয়ে
কখনো কুঠার, কখনো নাঙলের ফলায়;
বিপ্লব মরেনা, প্রতিটি ধ্বংসেই একজন বিপ্লবী ভূমিষ্ঠ হয়
প্রতিটি শ্রমিকের দীর্ঘশ্বাস হয়ে উঠে
এক একটি তাজা বিপ্লবী প্রাণ।
২৫শে ডিসেম্বর ২০১৬
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



