অনেক মুগ্ধতার কিছু কবিতা থেকে
২ টি কবিতাঃ
১।
বানভাসি
কি এক অকারণে তুমি গিয়েছ ভেসে
বানভাসি এই আমি নিজেও ভাসা;
ভাসিবেই যদি কন্যা আমাকে ডাকনি কেন?
হয়ত উথাল সাগর, হয়ত ঝড়ের রাত
তোমাকে ভালবেসে কেটে যেত
ঝঞ্জার ভিতরে ঝঞ্জাহীন
এক অচেনা জীবন।
আমিতো ভাসিবারই চাই,
চাই পদ্মার জলে
তোমার ভেজান আঁচল
অকারণেই ছুঁয়ে যাক আমার চিবুক;
আমি গৃহহীন হব
আমি রাখালের সাতরঙা ঘুড়ি হব
আমি তোমার বনজ ওষ্ঠাধারে
আকাশের চাঁদ ছোঁব।
২১শে জুলাই ২০১৪
যুক্তরাজ্য।
২।
উদাসী কন্যা
তুমি বড়বেশী আনমনা
কি করে থাক বসে?
রাত হয় ভোর
জোনাকিও বোঝে সেই বিদায়ী রাত
শুধু তুমিই বোঝনা!
ফাগুণের রাত
আগুন আগুন অনুভবে
তপ্ত শরীরে কামনার বাসনায়
জ্বলে উঠে পিপীলিকা সম;
তুমি বড়বেশী উদাসী
যাতনা বিলিয়ে তুমি নিশ্চুপ
স্থির পাহাড়ও কম্পনে কাঁপে
শুধু তুমিই কাঁপনা!
(রিপোস্টেড)
২০.১১.২০১৪
নিউক্যাসল
দি ইউ কে
২০শে জানুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



