
তেমন কোন স্মৃতি নেই
ঐ চোখে যতটুকু ঘোর
তাতে নেশা, নেই তাতে ততটুকু বোধ!
ঘোর লাগা ওরকম চোখে
কেন তুমি তাকাও এদিকে সেদিকে?
এই রাত শেষ হয়ে যাবে,
কয়েকটা দিন পরে আবার যখন দেখা হবে
এমন ঘোর লাগা রাতে
এর মাঝে হয়ত দেখা হবে দিবালোকে অসংখ্যবার;
আমরা পাশাপাশি হেঁটে যাব
কিংবা মুখোমুখি অতিক্রমণ্য রাস্তায়
অদৃশ্য হয়ে যাব দু'জনে দু'দিক অচেনা মানুষের মত,
যেন কেউ কাউকে কোনদিন দেখিনি।
এমন ভাব্বার কোন ব্যাপার নেই যে এটা কাকতালীয়,
হয়ত আবার কোন ঘোর লাগা রাতে
আমাদের অসংখ্যবার দেখা হওয়ার মত
আবার দেখা হবে,
আমাদের চোখে ঘোর, ঠোঁটে কামনা
যখন ফিরে যাব ঘরে আমাদের মস্তিষ্ক স্মৃতিহীন;
যেন আরেকটি সন্ধ্যায় আবার যখন আমাদের দেখা হবে
আমরা ভেবে নেব
আমরা কখনো কাছাকাছি হইনি,
কাছাকাছি হয়ে চোখে ঘোরের মুগ্ধতার
আমাদের তেমন কোন স্মৃতি নেই।
৭ই অক্টোবর ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



