আজ বরিশাল থেকে এসে, সন্ধ্যার পর একুশের বই মেলায় গিয়েছিলাম। সেখানে ভেবেছিলাম বরাবরের মত অনেক ভির হবে। কিন্তু তেমন ভির দেখলাম না তাই বই মেলা ঘুরে কৌতুহল বশতঃ শাহবাগ চত্তরের দিকে গিয়েছিলাম। টিএসসি মোড় যেতেই দেখলাম বাম ঘরানার ২৫ থেকে ৩০জন কিশোর কিশোরী মশাল জ্বেলে যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবীতে শাহবাগের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। আমিও তাদের পাশাপাশি সামনের দিকে এগুচ্ছিলাম।
যতই যাচ্ছি ততই দেখছি ১৫-২০ জনের কিংবা ৩০-৩৫ জনের গ্রুপ বানিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্লগারদের সংগঠন মোমবাতি জ্বালিয়ে নানা বাদ্য বাজিয়ে যুদ্ধ অপরাধীদের ফাসিঁর দাবীতে কেউ গান করছে, কেউবা শ্লোগান দিচ্ছে আবার কেউবা তাদের এইসব প্রতিবাদের অভিনব দৃশ্য অপলক চোখে দেখছে। পাবলিক লাইব্রেরী ও যাদুঘরের পর থেকে সেখানে যাদুঘরের সামনে বড় বড় ডেকচি এনে রাতের খাবারের যোগারযন্ত্র করছে আবার কেউবা দাড়িয়ে দাড়িয়ে ভাপা পিঠা, চটপটি খাচ্ছে আবার কেউবা চা-সিগারেট পান করছে।
রাস্তার অপর দিকেই ছবির হাট, সেই হাটেও অনেক ছবি প্রদর্শিত হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবীতে। গত দুদিন শাহবাগ চত্তরে সাউন্ডবক্স লাগিয়ে মাইক বাজিয়ে চিৎকার করে শ্লোগান দিচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার চাই। পাশ থেকে এক ভদ্রলোক আস্তে আস্তে করে বলছে, তারা একজনের ফাঁসির দাবীতে যে চিৎকার করছে সেই চিৎকারের আওয়াজে পিজি হাসপাতাল ও বারডেম হাসপাতালের অজস্র রোগীরা আরো বেশী অসুস্থ হয়ে পড়ছে, সে বিষয়ে কারো কোন দায়িত্ব নেই।
যে যার মত চিৎকার করেই তাদের আন্দোলনকে শানিত করছে। তাদের মঞ্চে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে কড়া বক্তব্য দিচ্ছে। সেই তালিকায় আওয়ামীলীগের মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে ছাত্র লীগের সোনার ছেলেরা রয়েছে। বর্তমান সরকার বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে মানবতা বিরোধী বিচার কাজ করছে। কদিন আগে বাচ্চু রাজাকারের অনুপস্থিতিতে তার ফাসিঁর রায় ঘোষনার সাথে সাথে বাম ঘরানার পাশাপাশি আওয়ামী ঘরানার যে উল্লাশ জাতি দেখেছে তা এখনো অনেকের মনে থাকার কথা।
জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল ফরিদপুরের কাদের মোল্লার রায় ঘোষনার একদিন আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, যারা ট্রাইবুনালের বিরুদ্ধে কথা বলবে তারা দেশদ্রোহী। আর যখন কাদের মোল্লার যাবত জীবন কারাদন্ডের রায় ঘোষনা হয়েছে, তিনি সহ এ রায়ে আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ সমালোচনা করেছেন। সাথে সাথে শাহবাগ চত্তরে প্রথমে ব্লগার রা পরর্বতীতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এই রায়ের বিরোধীতা করে কাদের মোল্লার ফাসিঁর দাবীতে শাহবাগ চত্তর তাহরীর স্কয়ার করার ঘোষনা দিয়েছে।
আজ কয়েকটি জাতীয় দৈনিকেও ফলাও করে শাহবাগ চত্বরের আন্দোলন কারীদের ছবি ও নিউজ লীড করা হয়েছে। বিভিন্ন বেসরকারী চ্যানেল সহ রাষ্ট্রীয় চ্যানেল গুরুথ্ব সহকারে লাইভ সহ ধারাবাহিক সংবাদ প্রচার করছে। ফলে সংবাদের শিরোনাম হওয়ার জন্য এবং বিভিন্ন পত্রিকা ও চ্যানেলে নিজের ছবি প্রচার পাওয়ার জন্য অনেকে শাহবাগে ব্যানার বানিয়ে ১৫-২০ জনের দল গঠন করে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সেখানে খাবার কোন চিন্তা নেই, কে বা কারা একের পর এক উদ্দোগ গ্রহন করে গত ৬ই ফেব্রুয়ারী রাতে খিচুরীর আয়োজন করেছে। ৭ই ফেব্রুয়ারী দুপুরে হাজার হাজার প্যাকেট লাঞ্চের ব্যবস্থা করেছে আর রাতে আবারো বড় বড় ডেকচিতে খাবারের আয়োজন ধুমধাম ভাবে চলছে।
যে যেপাশ থেকে পারছে সকলে মিলেমিশে একাকার হয়ে যুদ্ধ অপরাধের বিচারের দাবীতে লুটিয়ে পড়ছে। সরোয়ার্দী উদ্যানে প্রবেশ করতেই দেখাগেল ভিন্ন দৃশ্যপট। সেখানে অনেকেউ ছেলে মেয়ে একসাথেই সিগারেট আর গাজা খেয়ে এলাকাটা অন্ধকার বানিয়ে ফেলেছে আর চারপাশে শতশত ফেন্সিডিলের খালি বোতল চোখে পড়ছে। এই আন্দোলনের সুযোগে এক শ্রেনীর অসাধু মাদক ব্যবসায়ীরা নিরাপদ জোন হিসেবে সরোয়ার্দি পার্ক কে বেছে নিয়ে সেখানে একচেটিয়া র্যা ব ও পুলিশের করা বেষ্টনির মধ্যেও ব্যবসা করে যাচ্ছে। তার মধ্যে বাড়তি যুক্ত হয়েছে ভাসমান শত শত পতিতা। তারাও এই স্থান টিকে নিরাপদ মনে করে বিভিন্ন স্থানের ভাসমান পতিতারা এখানে একত্রিত হয়ে বিভিন্ন ভাবে আগত সাধারণ মানুষদেরকে তাদের শিকারে পরিনত করছে।
সবকিছু মিলে শাহবাগ চত্তর পরিনত হয়েছে অন্ধকারের এক অমানিশা আলোক বর্তিকার আলো আধারিতে। নতুন প্রজন্মরা তাদের দেশ প্রেমের আবেগে অনেকে ছুটে এসে অপ্রত্যাশিত ভাবে জড়িয়ে পড়ছে নতুন নতুন অপরাধে। প্রেমের ফাদে ফেলে কেউ কেউ বড়লোকের বখে যাওয়া ফার্ষ্ট লাইফ লিড করা সোনার ছেলেদেরকে সহযে তাদের মেধাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তাদের মেধা আসলে কি ভাবে ব্যবহার হচ্ছে, কার জন্য ব্যবহার হচ্ছে, কাদের স্বার্থে ব্যবহার হচ্ছে এই প্রশ্নটি এখন ঘুরে ফিরে সামনে উঠে এসেছে।
একুশের বই মেলাকে সামনে রেখে হাজার হাজার বই প্রেমিক মানুষ বই মেলার দিকে ছুটে এলে যাওয়ার পথে কৌতুহল বশত যুদ্ধ অপরাধীদের ফাঁসির আন্দোলন অনুষ্ঠানে যাওয়ার কারনে সেখানে লোকসমাগম ব্যাপক হচ্ছে। আর এই সুযোগে এক শ্রেনীর মিডিয়া তাদের ছবি প্রদর্শন করে সারা জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করছে, শাহবাগ চত্তর এখন তাহরির স্কয়ারে পরিনত হয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে ৩৯ বছরের স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাহরির স্কয়ারের সৃষ্টি হয়েছিলো এবং সেখানে স্বৈর শাসকের পতনও হয়েছিলো। কিন্তু বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচার করছে যে সরকার আবার তাদেরই গঠিত ট্রাইবুনাল রায় দিয়েছে আবার তারাই সেই রায়ের বিরুদ্ধে তাহরির স্কয়ার করার পায়তারি করছে। বিষয়টি একটু ঘোলাটে কি মনে হচ্ছে না। ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে আওয়ামীলীগের কয়েকজন শীর্ষ নেতা বলেছেন, প্রয়োজনে হরতাল দিবো। তাহলে প্রশ্ন হচ্ছে বর্তমানে ক্ষমতায় কোন সরকার রয়েছে। কাদের বিরুদ্ধে আওয়ামীলীগ হরতাল আহব্বান করবে?
গত চার বছর ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী দল মানবতা বিরোধী অপরাধে অপরাধীদের বিচারের স্বচ্চতা নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু কখনো বলেনি এই বিচার করা যাবে না। যেখানে বর্তমান সরকারের আমলে সাড়েতিন বছরের শিশু ধর্ষিত হয়েছে, প্রতিদিন ধর্ষন, গুম আর খুনের ঘটনা ঘটছে। যারা ধর্ষন করছে গুম আর খুন করছে তারা কি মানবতা বিরোধী অপরাধ করছে না। প্রকাশ্যে ছাত্রলীগের সোনার ছেলেরা বিশ্বজিৎকে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে রক্তাক্ত করে হত্যা করেছে, বাকৃবিতে ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলে ১১ বছরের শিশু রাব্বী নৃশংস ভাবে খুন হয়েছে। পুলিশ সদস্যাও এই সরকারের সোনার ছেলেদের কাছে রেহাই পায়নি। শিক্ষকদেরকে অপমানিত করেছে আবার বরিশাল বিএম নিজেদের পছন্দের অধ্যক্ষকে পুর্নবহাল করার জন্য নতুন নিয়োগকৃত অধ্যক্ষকে লাঞ্চিত করেছে, ক্যাম্পাসে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে, টাঙ্গাইলের ধর্ষন, পল্টনে শিশু ধর্ষন, এম ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ ১৫৬জন গুম কি মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে না? জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ধর্ষনের সেঞ্চেুরিয়ানকে যখন পুরস্কৃত করা হয়, যখন ইডেনের ছাত্রীদেরকে আওয়ামীলীগের শীর্ষ নেতাদের উপঢৌকন হিসেবে দেয়া হয় তখন গোটা জাতি লজ্জায় মাথা নিচু করলেও সরকার মাথা উচু করে বলে সবকিছু ঠিক ঠাক ভাবেই চলছে। এইগুলোও কি মানবতাবিরোধী অপরাধ নয়?
কাদের মোল্লার যারা ফাসি চান, আমি তাদের দলের বাইরে নই।পাশাপাশি আমি বিশ্বজিৎ এর খুনিদেরও ফাঁসি চাই। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের ফাঁসি চাই।বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লা নূর বাবুর খুনীদের ফাসিঁ চাই। ফাসিঁ চাই যারা ধর্ষন করেছে সাড়ে তিন বছরের শিশুকে, টাঙ্গাইলের কলেজ ছাত্রীকে।
পরিশেষে বলতে চাই, যারা মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবীতে রাজপথে নেমেছেন, প্রথমে তাদের নামা উচিৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে এবং আগামী নির্বাচনে যারা তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষনা করবে সকল মানবতা বিরোধী অপরাধের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করবে। নতুন প্রজন্ম মূল্যবান ভোটের রায় তাদের পক্ষেই ঘোষনা করবে। এই হোক আগামীর প্রত্যাশা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



