মুখোশ তৈরি কৌশল জেনে গেছে সেতুর অন্তর।
এরপর থেকে চন্দ্রচূর্ণ রাতের বেলা ঘুরে বেড়ায় একা একা
ষোড়শীদের নথ থেকে বিচ্যুত তাপ।
কখনো কখনো আতাফলে দৃষ্টি গেঁথে
পৃথিবীর বয়স নিয়ে ভাবে। মৌনতার বাবলা কাঁটা
আর মাটির গন্ধ আঙুলে লাগিয়ে সারা জঙ্গলে চক্কর
মেরে ফিরে আসে পুরনো সেই বটতলায়।
এক পাগলিনীর চুলের মধ্যে গভীর তৃষ্ণা পেলে ঘুমিয়ে পড়ে।
কোনদিনও প্রকাশ্যে বলেনি বৃক্ষের
বল্কল ছুঁয়ে শুকনো পাতার শব্দতটিনীর দেহ খুলে
পাশে বসে দেখো
কলসের গলায় রোদ ঘুমের নৈশস্কুল।
বালির গহনা পরা ঝাউপাতাদের
বক্ষউন্মোচিত ত্বকে যেসমুদ্র ছায়া পড়ে, তাতে
গা ঘেষে দাঁড়াও।
কলাপাতার কোমল ছায়া থেকে উঠে আসা মায়ার গহ্বরে
ডুবে গেছে যে তন্দ্রাবতীর হাড়ের স্বরধ্বনি,
ভাঙা খাপড়ার টুকরোতে মুখের একাংশ যার ভাসে,
তাঁর দেহের কুসুমগন্ধ তুলে এনে রাখো
তুলসিতলায়।
পাঁজর ভেদ করে জ্যোৎস্নার উপচে পড়া নদ
ফ্রেমের ভিতর ভেসে যাক।
জরির ওড়না আর ভাঙাচুড়ির এলোমেলো হর্ষ-স্নান
দেখে জানালায় মুছে যাচ্ছে দিনলিপিকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


