দেখা
নিমগাছের তলে ঘনঅন্ধকার ঘিরে যে আমি চিরে ফেলছে
নিজেরই ছায়া অবশেষে, তারই শরীর চিরে ঢুকে পড়ছে গুপ্ত অনামা
যতসব তাগড়া-তাগড়া নদীরা।
কুলে বসে আছে বুকখোলা দ্বিধা আর মৌনতার পথ।
নিকটের সর্পিল জটলাতে মিশে আছে না বলা কথার ভাঙা অক্ষর,
আঁকবাঁকা ধুলোর রথে
আমাদের সোহাগের প্রভাত ফুটে থাকে।
মুখের পাশেই নদীর যৌবন আর সর্ষে ক্ষেতের হাওয়া চোখাচোখি
করে ফিরে যাচ্ছে ঘড়িহীন প্রজননের অন্ধকুঠিরে।
সময়ের কোন চিহ্ন কোথাও নেই, নেই কোন সলকের সড়ক।
অগাধ ভোজবাজির ভিতর
ঢুকে পড়েছি যেন! আমাকে চিনতে গিয়ে পাশে এসে দাঁড়িয়েছে
হাজারো নোলকের বিন্দুবিন্দু ঘামের কণা,
চুপ হয়ে আছি তাই।
দূরে অনেক নীলগাভী ও তাদের সবুজবাছুরগুলো সূর্য উঠার
অপেক্ষা করছে।
সূর্য উঠলে তাদের মুখেই ঢুকে যাবে ঘনঅন্ধকার।
আমাদের ফেলে আসা রূপকথা
ঘিরে যে আমি অবশিষ্ট নগ্ন - নষ্ট ফলের ত্বকে,
তাকে ফ্রেমের ভিতর দেখি ধুধু মেঘে চিরচোখাচোখির বাহুভেদ
করে দেখছে আমাকে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


