মেঘবনে শাদা শাদা নিরক্ষর অনুভব
কুয়াশার বল্কলে অলিখিত এক মায়ার নকশাতে
ভাষাহীন চোখের মিনতি
কাছে টানে।
নাম না জানা অসংখ্য মুখের আদল
বৃক্ষপাতার শিরায় সবুজ সংরাগ যেন, গভীর তৃষ্ণা
আলোর স্ফূরণে প্রলুব্ধের সীমানা
ভেঙে উড়িয়ে দেয়
কালো-চুম্বন।
মিলিত দৃষ্টির মোহনায় কোন ব্যথা নেই, তৃষ্ণার
বাকলে শুধু কুয়াশার ভেজা নন্দন;
চিবুকের খুব নিকটে
এসে অলক্ষ্যেই হয়ে ওঠে কচি
খরগোশের লোম।
বাক্যহারা মৌনতার পিঠে
নাচে সমুদ্র কাঁপন, দ্বিধার প্রাচীরে হেসে ওঠে
মানুষের অফুরান মনের জঙ্গল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


