গঙ্গার তীর পেরিয়ে,সিন্ধু ছাড়িয়ে,
তাসখন্দের মিনার শীর্ষে দাঁড়িয়ে।
কত যুগ যুগান্তর আমি চলেছি বয়ে,
ভল্গা হতে হোয়াংহো,আল্পস থেকে ভিসুভিয়াসে,
সাহারার মরু প্রান্ত হতে মেরুর শীতল বরফে।
আমি চলেছি একা হেঁটে হেঁটে,
কত আঁধার রাত্রি পেরিয়ে।
যুগ হতে যুগান্তরে লক্ষ্যবিহীন গন্তব্যে,
আমি চলেছি একা অবিশ্রান্ত ক্লান্তিহীন হয়ে।
কত জনহীন প্রান্তর,কত শার্দুল শঙ্কিত পথ দলে,
আমি পেরিয়ে গিয়েছি হাজার বছর কত পদচিহ্ন ফেলে।
যুগের ধারায় বহমান স্রোতে সময় তরীতে চেপে,
কত কাল আমি কাটায়েছি বেলা ঢেউয়ের সাথে ভেসে।
আমার চলার যে পথ সে তো এখনো ঢের বাকী,
আজও তবু তো পুরনোকে ফেলে আমি চলেছি একাকী।
আমি যাযাবর, অস্থির আমি, থেমে নেই আজও চলা,
চলার পথে পেয়েছি অনেক পথচারীদের দেখা,
সঙ্গ দিয়েছে, সঙ্গী হয়েছে, কেটে গেছে বহু বেলা।
সময় হয়েছে চলে গেছে সব, তাই আমি একেলা।
চলার পথে দেখেছি কত না নগর সভ্যতা,
সকলি আজি বিলীন হয়েছে, রয়ে গেছে শুধু কথকতা।
হারিয়ে গিয়েছে অনেক কিছু্ই, তবুও রয়েছে আশা,
অনাগত কাল আসেনি এখনো, তারই প্রতীক্ষায় বাঁচা।
কত ইতিহাস রচিত হয়েছে,সাক্ষী হয়েছি আমি,
কত গৃহ-পট ভেঙে চুরমার,গৃহহীন কত নর নারী।
যেতে যেতে আমি দেখেছি কত ক্ষুধা-তৃষ্ণার জ্বালা,
নীরবে আমি সয়ে গেছি সব, থেমে নেই তবু চলা।
আমি দেখেছি নীরবে, কত ফুল ফুটেছিল বনে,
দেখেছি আবার না ফোটা কলিরা ঝরে গেছে অনাদরে।
সে ফুলের শোভায় শোভিত হয়েছে কত না বন পাহাড়,
প্রদোষ কালে ঝরে গেছে ফুল, খোঁজ কে রেখেছে তার?
আর কতকাল চলবো এ পথে কিছু তার নাহি জানি,
যেতে যেতে কত হারিয়েছি পথ, থেমে নেই তবু আমি।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



