
নবী চরিত্রের এক ঝলক
প্রিয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন সর্বোত্তম আদর্শের মূর্ত প্রতীক। মানব চরিত্রে উত্তম এবং প্রশংসনীয় যেসব গুণাবলীর সন্নিবেশ ঘটা সম্ভব, তার সবগুলোরই পরিপূর্ণ বিকাশলাভ করেছিল তাঁর মহান চরিত্রে। আল্লামা শাইখ সাদী রহমাতুল্লাহ সংক্ষিপ্ত বাক্যে যথার্থই বলেছেন-
بلغ العلى بكماله
كشف الدجى بجماله
حسنت جميع خصاله
صلوا عليه وآله.
বাংলা উচ্চারণ-
বালাগাল উলা বিকামালিহী,
কাশাফাদদুজা বিজামালিহী,
হাসুনাত জামীউ খিসালিহী,
সাল্লু আলাইহি ওয়া আলিহী।
কাব্যানুবাদ :
পূর্ণতায় পৌঁছেছেন তিনি চূড়ান্ত উচ্চতায়,
সৌন্দর্য্য আভা তাঁর বিদূরিত করেছে আঁধার।
সৌন্দর্যমণ্ডিত তাঁর যাবতীয় স্বভাব চরিত্,
পাঠাও সালাত তাকে এবং নিকটজনে তাঁর।
বস্তুতঃ সূক্ষ্ম দৃষ্টিতে তাকালেই দেখা যায়, রাসুলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন গোটা জগতবাসীর জন্য উন্নত চরিত্র ও আদর্শের অনুসরণীয় এবং অনুকরণীয় মডেল। মানবিক গুণাবলীতে কোন মানুষের পক্ষে তাঁর সমকক্ষ হওয়া তো দুরের কথা, তাঁর কোন একটি গুণের অধিকারী হওয়াও রীতিমত অসাধ্য। তিনি এমন হবেন না কেন? কারণ, তাকে যিনি শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, চরিত্র মাধুর্য্য শিখিয়েছেন, উত্তম আদর্শ, উত্তম চরিত্র তথা, উসওয়াতুন হাসানাহ নামে বিভূষিত করেছেন, তিনি হলেন স্বয়ং বিশ্ব জাহানের স্রষ্টা মহান প্রতিপালক আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা।
রাসুলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
أَدَّبَنِىْ رَبِّىْ فَأَحْسَنَ تَأْدِيْبِىْ
অর্থাৎ, আমার রব আমাকে সর্বোত্তম শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। -আল ফাওয়ায়েদুল জালিয়্যাহঃ ১/১০১; হাদীসটির অর্থ সহীহ; দেখুন- আত তাজকেরাহ ফিল আহাদিসিল মুশতাহারাহঃ ১/১৬০, কাশফুল খিফাঃ ১/৮১, ১/৭০, আসনাল মাত্বালিবঃ১/৩৫; আবুল ফাজল বিন নাসির এটাকে সহীহ বলেছেন, আদ দুরারুল মুনতাসিরাহ ফিল আহাদিসিল মুশতাহারাহঃ১/৪৫
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এ সম্বন্ধে বলেন:
وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ (4)
অর্থাৎ, আর নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। -সুরা আল ক্বালামঃ ৪
প্রশ্ন হচ্ছে, কেন তিনি এ রকম হবেন না? তিনি তো মহান আল্লাহ্ তায়ালার আশ্রয়ে এবং প্রত্যক্ষ ব্যবস্থাপনায় ছিলেন। আল্লাহ্ তায়ালা বলেছেন:
فَإِنَّكَ بِأَعْيُنِنَا
অর্থাৎ, আর আপনি আমার চোখে চোখেই আছেন। -সুরা তুরঃ ৪৮
অপরদিকে তিনি মুসা (আঃ) সম্বন্ধে বলেছেন:
وَلِتُصْنَعَ عَلَى عَيْنِي
অর্থাৎ, আর [আমি চাই] তুমি যেন আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও। -সুরা ত্বাহা: ৩৯
“চোখের সামনে রাখতে চাওয়া’ এবং 'চোখে চোখে রাখা' - এ দু'য়ের মাঝে পার্থক্য অনেক। তফাৎ প্রচুর। প্রভেদ বিস্তর।
বস্তুতঃ কুরআনুল হাকিমের অভিনব এবং অসাধারণ প্রজ্ঞাপূর্ণ এই বর্ণনা থেকেই তার সুমহান চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্বের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। পৃথিবীর বড় বড় একেকজন মনীষীর ভিতরে তার সমপরিমাণ একটি গুণ পাওয়া যদি খুবই দুর্লভ হয়, তাহলে তার সবগুলো গুণাবলী তাদের মাঝে কিভাবে পাওয়া সম্ভব হতে পারে?
রাসুলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যঃ
এক. ধৈর্য্যঃ
নিজেকে নিরবচ্ছিন্নভাবে সর্বদা আল্লাহ্ তায়ালার আনুগত্যের উপর অটল রাখা, অবাধ্যতার নিকটবর্তী না হওয়া, তার সিদ্ধান্তের কারণে হা হুতাশ না করা এবং তাতে রাগান্বিত না হওয়ার নামই ধৈর্য্য। রাসুলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দেয়ার কাজ করতে গিয়ে কুরাইশদের কাছ থেকে অমানুষিক অত্যাচার নির্যাতনের শিকার হয়ে ধৈর্য্যধারণ করেছেন। তিনি ধৈর্য্যধারণ করেছেন শিআবে আবু তালিবে বন্দিদশায় কাটানো তিন তিনটি বছর; যে দিনগুলোতে কাফেরদের সার্বিক বয়কটের কারণে মুষ্টিমেয় সংখ্যক নও মুসলিমদের নিয়ে খাদ্যাভাবে ক্ষুধা পিপাসায় চরম কষ্টে দিনাতিপাত করতে বাধ্য হয়েছিলেন; যখন দুগ্ধদায়িনী মায়েরা অনাহারে অর্ধাহারে থেকে ক্ষীনকায় হয়ে যাওয়ার ফলে, নিজেদের কোলের শিশুদের দুধ খাওয়ানোর যোগ্যতাও হারিয়ে ফেলেছিলেন। তিনি ধৈর্য্যধারণ করেছেন আশ্রয়দাতা পিতৃব্য আবু তালিব এবং প্রিয়তম জীবন সঙ্গীনী হযরত খাদিজাতুল কুবরা রাদিআল্লাহু তাআ'লা আনহার ইন্তেকালের বছর; যে বছরটির নাম তিনি নিজেই দিয়েছিলেন 'আমুল হুযন' বা 'দুঃখের বছর'। তিনি ধৈর্য্যধারণ করেছেন যুদ্ধক্ষেত্রগুলোতে, ইহুদীদের একের পর এক জটিল ও কুটিল ষড়যন্ত্রে, ক্ষুধা-দারিদ্র্য ও অন্যান্য প্রতিকুল পরিস্থিতিতে। কোন ষড়যন্ত্রই তাকে দুর্বল করতে পারেনি এবং কোন পক্ষই তাকে টলাতে পারেনি। কোনো পরিস্থিতিই তাকে ধৈর্য্যহারা করে তুলতে পারেনি।
হযরত আয়েশা রাদিআল্লাহু তাআ'লা আনহা হতে বর্ণিত, তিনি রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন:
هَلْ أَتَى عَلَيْكَ يَوْمٌ كَانَ أَشَدَّ مِنْ يَوْمِ أُحُدٍ، قَالَ: ” لَقَدْ لَقِيتُ مِنْ قَوْمِكِ مَا لَقِيتُ، وَكَانَ أَشَدَّ مَا لَقِيتُ مِنْهُمْ يَوْمَ العَقَبَةِ، إِذْ عَرَضْتُ نَفْسِي عَلَى ابْنِ عَبْدِ يَالِيلَ بْنِ عَبْدِ كُلاَلٍ، فَلَمْ يُجِبْنِي إِلَى مَا أَرَدْتُ، فَانْطَلَقْتُ وَأَنَا مَهْمُومٌ عَلَى وَجْهِي، فَلَمْ أَسْتَفِقْ إِلَّا وَأَنَا بِقَرْنِ الثَّعَالِبِ فَرَفَعْتُ رَأْسِي، فَإِذَا أَنَا بِسَحَابَةٍ قَدْ أَظَلَّتْنِي، فَنَظَرْتُ فَإِذَا فِيهَا جِبْرِيلُ، فَنَادَانِي فَقَالَ: إِنَّ اللَّهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ، وَمَا رَدُّوا عَلَيْكَ، وَقَدْ بَعَثَ إِلَيْكَ مَلَكَ الجِبَالِ لِتَأْمُرَهُ بِمَا شِئْتَ فِيهِمْ، فَنَادَانِي مَلَكُ الجِبَالِ فَسَلَّمَ عَلَيَّ، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ، فَقَالَ، ذَلِكَ فِيمَا شِئْتَ، إِنْ شِئْتَ أَنْ أُطْبِقَ عَلَيْهِمُ الأَخْشَبَيْنِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بَلْ أَرْجُو أَنْ يُخْرِجَ اللَّهُ مِنْ أَصْلاَبِهِمْ مَنْ يَعْبُدُ اللَّهَ وَحْدَهُ، لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا “
অর্থাৎ, আপনার কাছে কি এমন কোন দিন এসেছে যা উহুদের চেয়েও কঠিন দিন ছিল? রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: আমি তোমার কওম থেকে এমন অবস্থার সম্মুখীন হয়েছি যা বর্ণনাতীত। আর আকাবার দিন (তায়েফের ঘটনা) ছিল তাদের পক্ষ থেকে সবচেয়ে কঠিন অবস্থা!! আমি নিজেকে সমর্পণ করলাম ইবনে আবদি ইয়ালিল ইবনে আব্দি কুলাল গোত্রের কাছে; কিন্তু, তারা আমার ইচ্ছায় সাড়া দিল না। অতঃপর আমি চেহারায় দুঃখের ছাপ নিয়ে ফিরে আসছিলাম। আমি যখন সম্বিত ফিরে পেলাম তখন আমি ছিলাম- ”ক্বারনে ছা’য়ালেব” নামক স্থানে। আমি মাথা উপরের দিকে তুললাম। দেখলাম একখন্ড মেঘ আমাকে ছায়া দিয়েছে। সেখানে জিবরাইল (আঃ) এর সাক্ষাত পেলাম। তিনি আমাকে ডেকে বললেন: আল্লাহ্ তায়ালা কওমের উদ্দেশ্যে আপনার বক্তব্য ও তাদের জবাব শুনেছেন।তিনি আপনার কাছে পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন। তাদের ব্যাপারে আপনার যা খুশি তাকে নির্দেশ দেবেন। পাহাড়ের ফেরেশতা আমাকে ডেকে সালাম দিয়ে বললেন, হে মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!! আপনি যা চান তাই হবে। যদি আপনি বলেন তাহলে,আমি তাদের উপর পাহাড় দুটি চাপিয়ে দেব। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: [না!!!] বরং, আমি চাই তাদের ঔরসজাত সন্তানদের মধ্য থেকে এমন কেউ বের হোক যে একমাত্র আল্লাহ্ তায়ালার ইবাদাত করবে তার সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। -বুখারী-৩২৩১, মুসলিম-১৭৯৫
দুই. ক্ষমাপরায়নতাঃ
ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নেয়ার নামই ক্ষমা। মক্কা বিজয়ের দিনে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার লোকদের উদ্দেশ্যে বক্তৃতা করছিলেন। তারা নিজেদের ভাগ্য নির্ধারণের ব্যাপারে তার নির্দেশেরই অপেক্ষা করছিল। তিনি বললেন: হে কুরাইশগণ !!! তোমরা আমার কাছ থেকে আজ কেমন ব্যবহার আশা কর? তারা বলল: সম্মানিত ভাই ও ভ্রাতুষ্পুত্রের মত!!! তিনি বললেন: তোমরা চলে যাও!!! আজ তোমরা মুক্ত!!! তারা তাকে অনেক অত্যাচার-নির্যাতন, তিরস্কার, সামাজিকভাবে বয়কট করা এমনকি হত্যার চেষ্টা করা সত্ত্বেও তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিলেন।
তিন. সাহসিকতাঃ
কথাবার্তা, মতপ্রকাশ ও কোন কাজ করতে যাওয়ায় সাহসিকতা প্রদর্শন অত্যন্ত চমৎকার একটি গুণ। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধ ও শান্তিপূর্ণ অবস্থায় ছিলেন সকল মানুষের চেয়ে বেশী সাহসী। তার মত সাহসী মানুষ কোন চোখ দেখেনি। বীর সিপাহী হযরত আলী রাদিআল্লাহু তাআ'লা আনহু বলেন: যখন প্রচন্ড যুদ্ধ শুরু হত তখন আমরা রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আড়াল নিয়ে আত্মরক্ষা করতাম। তিনি থাকতেন আমাদের মধ্য থেকে শত্রুদের সবচেয়ে নিকটতম ব্যক্তি। এর অনেক প্রমাণ রয়েছে উহুদ ও হুনায়ন যুদ্ধে। শান্তিপূর্ণ পরিস্থিতি সম্বন্ধে হযরত আনাস বিন মালেক রাদিআল্লাহু তাআ'লা আনহু বলেন:
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ، وَكَانَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَشْجَعَ النَّاسِ» وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ ذَاتَ لَيْلَةٍ، فَانْطَلَقَ نَاسٌ قِبَلَ الصَّوْتِ، فَتَلَقَّاهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاجِعًا، وَقَدْ سَبَقَهُمْ إِلَى الصَّوْتِ، وَهُوَ عَلَى فَرَسٍ لِأَبِي طَلْحَةَ عُرْيٍ، فِي عُنُقِهِ السَّيْفُ وَهُوَ يَقُولُ: «لَمْ تُرَاعُوا، لَمْ تُرَاعُوا» قَالَ: «وَجَدْنَاهُ بَحْرًا، أَوْ إِنَّهُ لَبَحْرٌ» قَالَ: وَكَانَ فَرَسًا يُبَطَّأُ
রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন সর্বোত্তম ব্যক্তি, সর্বোচ্চ দানশীল, সবচেয়ে সাহসী। এক রাত্রে একটা শব্দের কারণে মদীনাবাসীরা ভয় পেয়ে গিয়েছিলেন। লোকেরা শব্দের দিকে এগিয়ে যাচ্ছিলেন। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিরে আসার পথে তাদের দেখা পেলেন। তিনি তাদের আগেই শব্দের কাছে চলে গিয়েছিলেন। তিনি ছিলেন আবু তালহার ঘোড়ায় এবং তার কাধে ঝুলছিল খোলা তরবারী। তিনি তাদেরকে বলছিলেন, অবস্থা শান্ত!! অবস্থা শান্ত!! [ক্ষতিকর কোন কিছুর সম্ভাবনা নেই]। তিনি বলেন: আমরা তাকে পেয়েছি সমুদ্রের মত অথবা তিনি ছিলেন সমুদ্র [সমুদ্রের বেগে এগিয়ে যেতেন]। তিনি বলেন: ঘোড়াটিও ছিল খুবই ধীরগতিসম্পন্ন। -মুসলিম-২৩০৭, ইবনে মাজাহ-২৭৭২, মুসনাদে আহমাদ-১৩৮৬৫, সহীহ ইবনে হিব্বান-৬৩৬৯, বায়হাকীঃ সুনানুল কুবরা-১৮৫৬০
চার. সহনশীলতাঃ
সহনশীলতা মানে সহিষ্ণুতা, সহ্য করা, পরমত সহিষ্ণু হওয়া, যদিও তা নিজের মতের বিপরীত হয়, নিজেকে নিয়ন্ত্রণ করা; ব্যক্তির কথা কিংবা কাজ থেকে অপছন্দনীয় কোন কিছু যেন পাওয়া না যায়- এরই নাম সহনশীলতা।
হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু তাআ'লা আনহু হতে বর্ণিত, তিনি বলেন:
أَنَّ أَعْرَابِيًّا بَالَ فِي المَسْجِدِ، فَثَارَ إِلَيْهِ النَّاسُ ليَقَعُوا بِهِ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعُوهُ، وَأَهْرِيقُوا عَلَى بَوْلِهِ ذَنُوبًا مِنْ مَاءٍ، أَوْ سَجْلًا مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ»
অর্থাৎ, একজন বেদুঈন মসজিদে পেশাব করেছিল। লোকেরা তার উপরে হামলে পড়ার জন্য ফুসে উঠলে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বললেন, তাকে ছেড়ে দাও!! আর তার পেশাবের উপর বালতি ভর্তি পানি অথবা বালতি দিয়ে পানি ঢেলে দাও। কেননা, তোমরা সহজ করার জন্য প্রেরিত হয়েছো, কঠিন করার জন্য প্রেরিত হওনি। -বুখারী-৬১২৮, সহীহ ইবনে হিব্বান-১৪০০
অন্য হাদীসে এসেছে-
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدًا فِي الْمَسْجِدِ وَأَصْحَابُهُ مَعَهُ، إِذْ جَاءَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي الْمَسْجِدِ، فَقَالَ أَصْحَابُهُ: مَهْ مَهْ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَا تُزْرِمُوهُ دَعُوهُ “، ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ: ” إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلُحُ لِشَيْءٍ مِنَ الْقَذَرِ وَالْبَوْلِ وَالْخَلَاءِ “، أَوْ كَمَا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّمَا هِيَ لِقِرَاءَةِ الْقُرْآنِ وَذِكْرِ اللهِ وَالصَّلَاةِ “. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ مِنَ الْقَوْمِ: ” قُمْ فَأْتِنَا بِدَلْوٍ مِنْ مَاءٍ، فَشُنَّهُ عَلَيْهِ ” فَأَتَاهُ بِدَلْوٍ مِنْ مَاءٍ فَشَنَّهُ عَلَيْهِ-
অর্থাৎ, হযরত আনাস বিন মালেক রাদিআল্লাহু তাআ'লা আনহু হতে বর্ণিত তিনি বলেন: রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সাহাবীদের সাথে মসজিদে বসা ছিলেন। এমন সময় একজন বেদুঈন এসে সেখানে পেশাব করা শুরু করলে সাহাবীরা তাকে ধমক দিয়ে থামতে বললেন। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: তাকে ছেড়ে দাও; বাধা সৃষ্টি করো না [পেশাবে বাধা সৃষ্টি করলে বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে]। তারপর তিনি তাকে ডেকে বললেন: এগুলো মসজিদ; এস্থান অপবিত্রতা কিংবা পেশাব পায়খানার জন্য উপযুক্ত নয়। অথবা তিনি বলেছেন: সেটা কুরআন তেলাওয়াত, আল্লাহর যিকির ও নামাজের স্থান। অতঃপর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কওমের একজন লোককে বললেন, তুমি পানি ভর্তি একটা বালতি নিয়ে আসো। এরপর এর উপর ঢেলে দাও। তিনি বালতিতে পানি এনে তার উপর ঢেলে দিলেন। -মুসনাদে আহমাদ- ১২৯৮৪; হাদীসটি সহীহ
পাঁচ. দানশীলতাঃ
মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর দানশীলতা ছিল দৃষ্টান্ত স্থাপনকারী। তিনি নিজের কাছে কিছু থাকলে কাউকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। তিনি একসময় ইয়েমেনী একটি সেট পোশাক পরেছিলেন। একজন এসে পোশাকটা চাইলে তিনি বাড়ীতে গিয়ে সেটা খুলে ফেললেন। এরপর সেটা লোকটির কাছে পাঠিয়ে দিলেন। তার কাছে কেউ কিছু চাইলেই তিনি তা দিয়ে দিতেন। একবার একজন লোক তার কাছে এসে ছাগল চাইলে তিনি তাকে প্রচুর পরিমাণ ছাগল দিয়েছিলেন। যা দুই পাহাড়ের মধ্যকার স্থান পূর্ণ করে ফেলবে। এরপর লোকটা নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল: হে আমার সম্প্রদায়!!! তোমরা ইসলাম গ্রহণ কর। আল্লাহর কসম!!মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত বেশী পরিমাণে দান করেন যে কখনও দারিদ্রতার ভয় করেন না।
মুসলিম শরীফে এসেছে:
عَنْ مُوسَى بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، قَالَ: ” مَا سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْإِسْلَامِ شَيْئًا إِلَّا أَعْطَاهُ، قَالَ: فَجَاءَهُ رَجُلٌ فَأَعْطَاهُ غَنَمًا بَيْنَ جَبَلَيْنِ، فَرَجَعَ إِلَى قَوْمِهِ، فَقَالَ: يَا قَوْمِ أَسْلِمُوا، فَإِنَّ مُحَمَّدًا يُعْطِي عَطَاءً لَا يَخْشَى الْفَاقَةَ “
অর্থাৎ, হযরত মুসা বিন আনাস রাদিআল্লাহু তাআ'লা আনহু হতে বর্ণিত,তিনি তার পিতার সুত্রে বর্ণনা করেন, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর ক্ষেত্রে কখনও এমন ঘটনা ঘটেনি যে, কেউ তার কাছে কিছু চেয়েছে অথচ, তিনি তা দেননি। তিনি বলেন: একবার তার কাছে একজন লোক আসলে তিনি তাকে দুই পাহাড়ের মাঝের ছাগল [এত বেশী পরিমাণ ছাগল দিয়ে দিলেন যা দুই পাহাড়ের মধ্যস্থান পরিপূর্ণ করে দেবে] দিয়ে দিলেন। অতঃপর লোকটি নিজের সম্প্রদায়কে বলল: হে আমার সম্প্রদায়!! তোমরা ইসলাম গ্রহণ কর। কেননা,মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত বেশী পরিমাণে দান করছেন যে তিনি নিঃস্ব হয়ে যাওয়ার কোন ভয় করেন না। -মুসলিম শরীফ-২৩১২
হযরত আনাস রাদিআল্লাহু তাআ'লা আনহু বলেন, লোকটি রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর কাছে শুধুমাত্র দুনিয়াবী স্বার্থের জন্যই এসেছিল।কিন্তু, সন্ধাবেলা এমন অবস্থার সৃষ্টি হল যে, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর আনীত দ্বীন উক্ত ব্যক্তির কাছে পৃথিবী ও তার মধ্যকার সমস্ত জিনিসের চেয়ে বেশী প্রিয় ও সম্মানিত বলে গণ্য হল। -মুসনাদে আহমাদ-১৪০২৯;হাদীসটি সহীহ
ছয়. ন্যায়বিচারঃ
রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর ন্যায় বিচারের অনেক প্রমাণ রয়েছে। তন্মধ্যে এখানে মাখজুমী গোত্রের একজন মহিলার ঘটনা উল্লেখ করব। চুরির কারণে তার উপর শাস্তিস্বরূপ হাত কাটার বিধান বাস্তবায়ন করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কেননা, মহিলা ছিল উচ্চ বংশীয় লোক। সাহাবীগণ তার ব্যাপারে সুপারিশ করার জন্য রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর কাছে তার অত্যন্ত প্রিয়পাত্র হযরত উসামা রাদিআল্লাহু তাআ'লা আনহুকে পাঠিয়ে দিলেন।
তিনি সুপারিশ করলে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেছিলেন:
أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ» ثُمَّ قَامَ فَخَطَبَ، قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّمَا ضَلَّ مَنْ قَبْلَكُمْ، أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ الضَّعِيفُ فِيهِمْ أَقَامُوا عَلَيْهِ الحَدَّ، وَايْمُ اللَّهِ، لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَرَقَتْ لَقَطَعَ مُحَمَّدٌ يَدَهَا»
অর্থাৎ, তুমি কি আল্লাহ্ তায়ালার পক্ষ থেকে নির্ধারিত করে দেয়া শাস্তি সম্বন্ধে সুপারিশ করছো???!!! তারপর তিনি বক্তৃতা করলেন।বক্তৃতায় বললেন: হে মানষেরা!! তোমাদের পুর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছে। তারা সম্মানী বংশের কেউ চুরি করলে তাদেরকে ছেড়ে দিত এবং দুর্বলেরা চুরি করলে তাদের উপর শাস্তি প্রয়োগ করত। আল্লাহর কসম!!! যদি মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর মেয়ে ফাতেমাও চুরি করত, তবুও মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাত কেটে দিতেন। -বুখারী-৬৭৮৮, একই অর্থে ৪৩০৪, ৩৪৭৫, মুসলিম-১৬৮৮, আবু দাউদ-৪৩৭৩, তিরমীজি-১৪৩০, নাসায়ী-৪৮৯৯, ৪৯০২, ইবনে মাজাহ-২৫৪৭, দারেমী-২৩৪৮, সহীহ ইবনে হিব্বান-৪৪০২, বায়হাকীঃ সুনানুস সাগীর-২৬৪৩, বায়হাকীঃ সুনানুল কাবির-১৭১৫৫
সাত. কুমারী মেয়ের চেয়েও অধিক লজ্জাশীলতাঃ
হযরত আবু সাইদ খুদরী রাদিআল্লাহু তাআ'লা আনহু বলেন:
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشَدَّ حَيَاءً مِنَ العَذْرَاءِ فِي خِدْرِهَا، فَإِذَا رَأَى شَيْئًا يَكْرَهُهُ عَرَفْنَاهُ فِي وَجْهِهِ»
অর্থাৎ, ঘরের ভিতরে অবস্থানকারিনী কুমারী মেয়ের চেয়েও রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশী লজ্জাশীল ছিলেন। যখন তিনি কোন কিছু দেখে অপছন্দ করতেন তখন তার চেহারা দেখেই আমরা বুঝতে পারতাম। -বুখারী-৬১০২, ৩৫৬২, ৬১১৯, মুসলিম-২৩২০, মুসান্নাফে ইবনে আবি শায়বা-২৫৩৪৬, মুসনাদে আহমাদ-১১৬৮৩,১১৮৬২, সহীহ ইবনে হিব্বান-৬৩০৮, বায়হাকীঃ সুনানুল কুবরা-২০৭৮৬
আট. কারও দোষ প্রকাশ না করাঃ
হযরত আয়েশা রাদিআল্লাহু তাআ'লা আনহা বলেন, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর কাছে কোন ব্যক্তির অপছন্দনীয় কোন কাজের সংবাদ আসলে তিনি বলতেন না, অমুকের কি হল যে এমন কথা বলছে? বরং, বলতেন: কওমের কি হয়েছে যে, তারা এমন এমন কাজ করে কিংবা এমন এমন কথা বলে? কাজটি যে তাঁর নিজের নিকট অপছন্দনীয় তা প্রকাশ করতেন ঠিকই, তবে কে দোষের কাজটি করেছে তার নাম নিতেন না। -উয়ুনুল আসারঃ ২/৩৯৯
নয়. দুনিয়া বিমুখিতাঃ
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিআল্লাহু তাআ'লা আনহু হতে বর্ণিত, তিনি বলেন:
نَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَصِيرٍ فَقَامَ وَقَدْ أَثَّرَ فِي جَنْبِهِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ لَوِ اتَّخَذْنَا لَكَ وِطَاءً، فَقَالَ: «مَا لِي وَلِلدُّنْيَا، مَا أَنَا فِي الدُّنْيَا إِلَّا كَرَاكِبٍ اسْتَظَلَّ تَحْتَ شَجَرَةٍ ثُمَّ رَاحَ وَتَرَكَهَا-
অর্থাৎ, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নলখাগড়া জাতীয় গাছের পাতা দিয়ে তৈরি করা বিছানায় ঘুমিয়েছিলেন। এতে তার শরীরে দাগ হয়ে গেলে আমরা বললাম: হে আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!! আমরা আপনার জন্য ভাল কোন বিছানার ব্যবস্থা করলে ভাল হয়। অতঃপর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: আমার দুনিয়ার প্রতি কোন আকর্ষণ নেই। আমি দুনিয়াতে একজন পথচারী ছাড়া আর কিছুই নই। যে পথচারী একটা গাছের ছায়ায় আশ্রয় নিয়ে একটু পরে সেটা ছেড়ে চলে যায়। -তিরমীজি-২৩৭৭; হাদীসটি সহীহ
দশ. সর্বোত্তম চরিত্র মাধুর্য্যঃ
হযরত আনাস রাদিআল্লাহু তাআ'লা আনহু হতে বর্ণিত, তিনি বলেন:
خَدَمْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ، وَاللهِ مَا قَالَ لِي: أُفًّا قَطُّ، وَلَا قَالَ لِي لِشَيْءٍ: لِمَ فَعَلْتَ كَذَا؟ وَهَلَّا فَعَلْتَ كَذَا؟
অর্থাৎ, আমি রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দশ বছর সেবা করেছি। আল্লাহর কসম!! তিনি আমাকে কখনও উফ [ধমক বাচক শব্দ] পর্যন্ত বলেননি। আর তিনি আমাকে কোন কাজের জন্য বলেননি কেন এমন করলে এবং এমন কেন করলে না? -মুসলিম-২৩০৯, দারেমী-৬৩, একই অর্থেঃ সহীহ ইবনে হিব্বান-২৮৯৩, ২৮৯৪
এগারো. নম্রতা এবং উদারতাঃ
রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা বিজয় করে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করছিলেন তখন আল্লাহ্ তায়ালার সামনে বিনম্রতায় এতটাই অবনত হয়েছিলেন যে তার দাড়ি তার বাহন উটটির চুটকে স্পর্শ করার উপক্রম হয়েছিল। অথচ, তখন তিনি ছিলেন এমনই এক পরিস্থিতিতে যখন অধিকাংশ রাজা বাদশাহ ও মণীষী স্বভাবতই অহংকারবশতঃ বিজয়োল্লাস করে থাকে। আনন্দ ফুর্তি করে। অনেককেই দেখা যায়, যারা কোনো শহর দখল করতে সক্ষম হলে সেখানে অত্যাচার অবিচারের বন্যা পর্যন্ত বইয়ে দেয়। কিন্তু প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাধারণ ক্ষমায় চিহ্ণিত বড় কয়েকজন অপরাধী ব্যতিত মক্কাবাসী বাকি সকলেই সেদিন মুস্তি পেয়ে যায়। ইতিহাসে এর দ্বিতীয় কোনো নজির নেই।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




