মফস্বলে এত বড় হোটেল সচরাচর দেখা যায় না। মনে আছে ছোট বেলায় রোজই পানতার থালায় মুখ ডুবিয়ে পড়ে থাকতাম। সেই আমি বিশেষ প্রয়োজনে মাঝে মাঝে এই হোটেলে দুপুরের খাবার খেতে ঢুকি। বাজেট সীমিত- এক প্লেট ভাত ৮ টাকা, সব্জি ৫ টাকা আর এক পিচ ডিম ১০ টাকা সব মিলিয়ে ২৩ টাকায় হয়ে যায়। আগে অবশ্য ১৫ টাকাতেই হয়ে যেত এখন এখন হয় না।
অনেক দিন পর হোটেলে ঢুকেই আমি অবাক। ভেতরে ডেকোরেশন দেখে একটু অবাক লাগলো। অন্য হোটেলে ঢুকলাম নাকি? নরমাল কেবিন, ভিআইপি কেবিন সব মিলিয়ে তুলকালাম কান্ড। নরমাল কেবিন গুলোতে কোন সিট ফাঁকা নেই। পেটে রাজ্যের ক্ষুধা। পকেটটাও একটু গরম। গতকাল এক পাগল প্রেমিকের কাছে ৫০ টাকায় একটা কবিতা বিক্রি করেছিলাম। শালা পাগল, প্রেমিকার কাছে নাম ফুটাবে। কবিতাটি ছিল এ রকম
LOVE
আকাশের নীল আর
জোনাকীর আলো যদি মিশে যেত...!
রাতের আঁধার যদি মিশে যেত জ্যোৎস্নায়
বেলী বা বকুল যদি সেই নিষিক্ত আকাশের নীলে
সুবাস ছড়ায় তবে...
সে অব্যক্ত মাধুর্যতায় ধ্বনিত হোক একটি শব্দ...
ভালবাসা।
ভিআইপি কেবিন. এখানে কোন লোক নেই, আমি একা। এমন কেবিনে বসে ডিম ভাতের অর্ডার দেয়াটা ¯প্রেট্রিজের ব্যাপার, তবুও পকেটের টাকা আর মনের ক্যালকুলেটর মিলিয়ে মেসিয়ারকে বললাম ‘ডিম ভাত দাও’। মেসিয়ার একবার আমার দিকে তাকালো; ওর দৃষ্টিতে অন্য রকম ভাষা।
বেশ তৃপ্তি সহকারে খাচ্ছিলাম। গদি চেয়ারে বসে এমন খাওয়া অনেক দিন খাওয়া হয়নি। হঠাৎ ভিআইপি কেবিনে এক জোড়া দম্পতির প্রবেশ। পোশাকের ভাষা বলে দিচ্ছে শহরের মানুষ। আমি আমার মত খাচ্ছিলাম। খাওয়ার মধ্যেই এক মেসিয়ার আমাকে লক্ষ্য করে বললো,
-এই মিয়া কেবিন ফাঁকা কর।
-ভাই খাওয়াতো এখানো শেষ হয়নি।
-থাক না, আমাদের কোন সমস্যা হবে না। পাশে দাঁড়ানো ভদ্র মহিলা বিনয়ের সাথে বললেন। আমার পাশের চেয়ারে ওরা মুখোমুখি বসলো।
-তোমাকে আগেই বলেছিলাম, এখানে খাওয়ার মত পরিবেশ নেই। এই সব নোংরা পরিবেশে খাওয়া যায়? কথাটা গায়ে খুব লাগলো। এই পরিবেশে নিজেকে ছাড়া কোন কিছুই নোংরা মনে হলো না। আমাদের কাছে যেটা স্বর্গের সরাইখানা এরা বলে সেই Paradiseএ নাকি আগুন লেগেছে। How funny? আর খেতে পারলাম না। থালায় পানি ঢেলে দিলাম। একবার থালার পানিতে ভেসে থাকা ডিমের দিকে তাকালাম। সত্যি তো দেখতে দেখতে ২ টাকার ডিম ১০ টাকা হলো।
আমি উঠার আগেই ভদ্র লোক সস্ত্রীক ভিআইপি রুম থেকে বেরিয়ে গেলো। একবার গায়ের শার্টে নাক লাগিয়ে দেখলাম গা দিয়ে গন্ধ বেরুলো কিনা। নাহ্ গতকাল রাসেলের মেখে দেওয়া পারফিউমের গন্ধ দিব্যি আছে!
আমি নিজেকে অন্যের কাছে অবহেলার পাত্র হতে দেখলে কষ্ট লাগতো, এখন লাগে না। এখন যদি কেউ আমাদের মত নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষগুলোকে অবহেলার চোখে দেখে তখন নিজের বিবেককে প্রশ্ন করে নেই, ‘ভেবে দেখতো মন কে তোমাকে অবহেলা করছে, মানুষ নাকি অমানুষ, বিবেকের উত্তরগুলো আমাকে সন্তুষ্ট করে তাই বেঁচে থাকতে পারি।
ভিআইপি রুম থেকে বেরুবো; এর মধ্যে হঠাৎ নজর পড়লো টেবিলের উপর একটি লেডিস ব্যাগ। একবার ভাবলাম থাকনা কি প্রয়োজন। আবার ভাবলাম অন্য কেউ হয়তো ব্যাগটা ফেরত নাও দিতে পারে। তাই অগত্যা ব্যাগটি হাতে নিলাম । ব্যাগটা খুলতেই চোখ জোড়া কপালে উঠে গেল। ব্যাগের ভেতর নগদ ৫০,০০০ টাকার ২টি বান্ডিল। কিছু সোনার গহনা, চুলের কিপ, একটি লিপলাইনার আরও কি সব যেন। অনেক খুঁজে একটি কার্ড পেলাম, তাতে ঠিকানা আর মোবাইল নম্বর লেখা। দেরি না করে একটি ফোন সার্ভিস সেন্টারে গেলাম। কথা বলতেই মহিলাটি চমকে উঠলো। পাশের ভদ্র লোকের চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে।
আমি অপেক্ষায় আছি। ভদ্র মহিলা ২০ মিনিটের মধ্যে ফিরে আসার কথা বললেন। হাতে ধরা ব্যাগটির দিকে আর একবার তাকালাম। সত্যি অনেক টাকা। আমার জীবনে এক সংগে কোন দিন এত টাকা দেখিনি। রাস্তার মোড়েই দাঁড়িয়ে আছি। খুব অস্বস্তি লাগছে। মানুষ কথার কথা বলে মরা মানুষ পাহারা দেওয়ার চাইতে টাকা পাহারা দেওয়া অনেক কঠিন। আজ কথাটি সত্যি বলে মনে হচ্ছে। আমি আমার মত দাঁড়িয়ে আছি, কিন্তু কেন যেন মনে হচ্ছে সবাই আমাকে দেখছে। সবাই বোধ হয় জানে আমার কাছে নগদ ১ ল টাকা আছে।
১ লক্ষ টাকা! এতগুলো টাকা আমি আগলে ধরে বসে আছি! অথচ মাত্র ২০,০০০ টাকার জন্য আমার নির্বাচিত গল্পের বইটি প্রকাশ করা সম্ভব হলো না। একবার ভাবলাম ভদ্র লোককে বলে দেখবো তার পরিচিত কোন প্রকাশক আছে কিনা। যদি থাকে তাহলে তিনি সুপারিশ করলে অবশ্যই কাজ হবে। নাহ; এখন সত্যি সত্যি নিজেকে লোভী মনে হচ্ছে। ছি! আমি প্রতিদান নেওয়ার কথা ভাবছি? আমার বিবেক আমাকে কষে একটা চড় মারলো। আমি বাস্তবে ফিরে এলাম।
-কিরে দোস্ত মেয়ে মানুষের ব্যাগ ধরে বসে আছিস?
ফিরোজের ডাকে চমকে উঠলাম। ও ফিরোজ তুই। ছো...টো বোনের জন্য কিনলাম।
-ছোটবোন? শালা ভাড়া করা বোন নাকি? তোর তো কোন ছোট বোন ছিলো না? নিশ্চিত ধরা খেয়ে ফিরোজ কে হঠাৎ করেই আক্রমণ করে বসলাম। ছোট বোন বলতে শুধু কী নিজের বোনকেই বোঝায়? খালাতো, চাচাতো, ফুফাতো বোন থাকতে পারে না। তুই আমার সামনে থেকে যা। তোর সাথে কথা বলতে ভাল লাগছে না।
হঠাৎ করেই আমার এমন ব্যবহারে ফিরোজ অবাক হলো। শেষে মনটা খারাপ করে চলে গেলো। খুব বিরক্ত লাগছে। সত্যি যাদের কাছ থেকে এতটা তাচ্ছিল্য পেলাম তাদের জন্যই ঠাঁয় দাঁড়িয়ে আছি। সময়ও যাচ্ছেনা।
একবার ঘড়ির দিকে তাকালাম। নাহ্ ৬০ সেকেন্ডেই মিনিট চলছে।
হঠাৎ আমার পাশে এসে একটি প্রাইভেট কার দাঁড়ালো। পিছনে পুলিশের গাড়ি। গাড়ি থেকে ভদ্রলোক ও ভদ্র মহিলা বেরিয়ে আমার মুখোমুখি দাঁড়ালেন।
সরি! লোকাল থানায় গিয়েছিলাম। ওখান থেকে ফিরতেই দেরি হয়ে গেলো।
একবার ভদ্র মহিলার দিকে তাকালাম। লজ্জায় উনার মাথাটা নীচু হয়ে গেলো। ম্যাডাম দেখুন তো আপনার ব্যাগে সব কিছু ঠিক আছে কিনা? ভদ্রলোক তার স্ত্রীর হাত থেকে ব্যাগটা ছোঁ মেরে নিয়ে নিলো। ব্যাগ খুলে টাকার বান্ডেল দুইটি নিতে নিতে পাশে দাঁড়ানো পুলিশ অফিসারকে বললেন, স্যার একবার গুণে নেবো নাকি? বলাতো যায় না, ছোটলোক বলে কথা। পুলিশ অফিসার এগিয়ে এসে টাকার বান্ডেল হাতে নিয়ে বললেন- ভদ্রলোক ইচ্ছে করলেই আপনার পুরো টাকাই মেরে দিতে পারতেন। তা যখন করেননি তখন পুরোটাই আছে (কিছু টাকা গুণে)। এই নিন। আগে ১ লক্ষই ছিলো। এবার ৯০ হাজার রইলো। পুলিশকে শুধু শুধু হয়রানি করার জন্য ১০ হাজার টাকা জরিমানা করলাম। এবার যান ১০ মিনিটের মধ্যে আমার থানার সীমানা অতিক্রম করবেন। নইলে বাকী ৯০ হাজার টাকাও হারাতে হবে।
ভদ্র লোক একবার পুলিশের দিকে আর একবার আমার দিকে কাতর চোখে তাকালো। দু'চোখে চরম হতাশা।
ভদ্র লোক চলে গেছে। চলে গেছে পুলিশের লোক। আমি পাথরের মত দাঁড়িয়ে আছি। সব কিছু ধাঁধাঁর মত মনে হচ্ছে। পিছন ফিরে তাকালেই ফিরোজকে দেখে ডাকলাম
-এই ফিরোজ...।
কিন্তু, ফিরোজ কোন কথা না বলেই চলে গেলো আমার দৃষ্টি সীমানার বাইরে।
বিঃদ্রঃ বিদ্যুৎ সমস্যার জন্য সারাদিন অপেক্ষা করে পোষ্ট করলাম।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



