মাথার উপরে আকাশ দরিয়া নীল আর শুধু নীল
নীচেতে রয়েছে বিছায়ে বক্ষ এই সে চলন বিল।
যতদূর চলে আঁখির সীমানা যতদূর যায় দেখা
অতন্ত কালের দাঁড়ায়ে চলন কত স্মৃতি বুকে আঁকা।
বিশাল বিরাট বিপুল চলন তুলনা মিলে না যার
মোঘল, পাঠান, শক, হুন কত এসেছিল বুকে তার।
কত যে মানব গড়িল ভাগ্য তাহার বুকেতে বসে
কত যে জীবন হারিয়ে গেল এই চলনে এসে।
স্রোতধারা চলে কত নদী খালে তাহার বক্ষ বাহিয়া
কত নদী খাল শুকায়ে রয়েছে করুণ নয়নে চাহিয়া।
শাহী মসজিদ মন্দির কত চলনে রয়েছে দাঁড়িয়ে
কত কীর্তি কালের কবলে আজকে গিয়েছে হারিয়ে।
সবুজ শ্যামল কতনা গাঁও দাঁড়ায়ে বুকের পর
কতকাল হতে কৃষাণ-কৃষাণী বাঁধিয়াছে সেথা ঘর।
আজিও তাহারা টিকিয়া রয়েছে ভাঙ্গা ও গড়ার মাঝে
কত আনন্দ ও বেদনার কথা প্রাণের গভীরে বাজে।
কত পীর-মুর্শিদ এসেছে চলনে রয়েছে তাঁদের মাজার
গজিয়া উঠিল কত জমিদার বাড়ী, দেখা যায় কত রাজার।
ঠগিদল কত গামছা মোড়া চলিত ভদ্র বেশে
কত ডাকাতের কাহিনী শুনি এই চলনে বসে।
যুগ যুগান্তের চলন দেখি কতরূপে কত সাজে
ষড় ঋতুতে, সকাল, দুপুরে পড়ন্ত বেলা ও সাঁঝে।
কখনও দেখি ভৈরবী রূপে ঢেউয়ের অথৈ দোলা
কখনও দেখি সবুজে হলুদে ধুসরের নানা খেলা
বর্ষায় তার বুকভরা জল নাহি কূল নাহি কিনারা
পশ্চিম হতে পূবেতে সদা চলিতেছে স্রোতধারা।
ভাসিয়া চলেছে শ্যাওলার দল অথবা কচুরী পানা
উপড়ানো ধান গাদা গাদা চলে খালি করে ক্ষেত খানা
চেনা অচেনা কত যে পাখী উড়িতেছে ঝাঁকে ঝাঁকে
নানা রং এর পাল তোলা নাও চলিতেছে নদী বাঁকে।
কত জল সাপ ভাসিয়া বেড়ায় এই চলনের জলে
কত যে মাছ ঘুরিয়া ফিরিয়া চলিতেছে দলে দলে।
এই এক গাঁও, ঐ এক গাঁও মধ্যে অথৈ পানি
তবুও দেখেছি হয়নি ব্যাহত তাহাদের জানা জানি।
জলছবি সম দাঁড়য়ে তারা নহে তারা কাছাকাছি
কখনও তাদের ভেঙ্গেছে স্বপ্ন বর্ষা সর্বনাশী।
এই চলনে রয়েছে ছড়িয়ে অতীতের কত স্মৃতি
বে তাহার রয়েছে ভরিয়া কত কথা, প্রেম প্রীতি।
আজিও শুনি এই চলনে ভীমের ছিল চুলা
ডাকাতের ভিটা নাম শুনিলে প্রাণে লাগে ভয় দোলা।
তিসী খালীর দরগা কখনও কোনদিন কেহ কভু
বন্যার পানি যতই বাড়–ক ডুবিতে দেখেনি তবু।
ঘাসী দেওয়ানের মজার সেথা সব লোক তাই কয়
শত ঝঞ্চা ও ঢেউয়ের দোলায় এখনো হয়নি লয়।
জয়সাগরের এতটুকু পানি করে নাকো কেহ পান
আজব কাহিনী কত শুনা যায় আজিও বিদ্যমান।
রক্তদহের সবটুকু পানি রক্ত বরণ রয়
ধনা ও মনার খালের কথা আজিও শুনা যায়।
ব্যাঙ যেথায় ধরেছিল সাপ এই চলনের মাঝ
নাটোর রাজার প্রাসাদ দেখি রয়েছে সেথায় আজ।
এমনি কত লোকগাঁথা লোকের মুখে চলে।
ছড়িয়ে আছে জড়িয়ে আছে রইবে কালে কালে।
সেই চলন আর নাইরে চলন যুগের পরে যুগ
নতুন যুগের নতুন ধারায় ভরিছে তার বুক।
হাজার বিলের নামে চলন আজিও বিদ্যমান
চলন বিলের চলন কথা রইবে চলমান।
চলমান যার স্রোতধারা চলত অবিরাম
ইতিহাসের পাতায় আজও ‘চলন’ তাহার নাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



