সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক জঙ্গীদের সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, সকলেই এখন উত্তরান্চল বিশেষ করে রাজশাহীকে তাদের জঙ্গী আস্তানার ঘাঁটি হিসেবে তৈরি করছে। বিষয়টি খুব উদ্বেগজনক।
এদিকে গতকাল নবগঠিত জঙ্গি সংগঠন 'ইসলাম ও মুসলিম' এর সামরিক শাখা প্রধান মো. সেলিম ওরফে হারুন মিস্ত্রির শ্বশুর বাড়ি চাপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব।
এ ছাড়া তার দেওয়া তথ্য অনুযায়ী, গাইবান্ধা থেকে 'জেএমবি'র সদস্য দেলোয়ার হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়। দেলোয়ার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের আবদুস সাত্তার আকন্দের ছেলে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি দেশে তৈরি ওয়ান শুটারগান এবং ১০ রাউন্ড গুলি।
মঙ্গলবার গভীর রাতে র্যাব ও বিডিয়ার সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে চাপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুর বেলপাড়া থেকে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
বুধবার বিকেলে র্যাব-৫ এর বিনোদপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ইসরাত হোসেন সাংবাদিকদের সামনে সেলিম ও দেলোয়ারকে হাজির করেন।
ইসরাত হোসেন সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে সেলিম তার কাছে বিপুল অস্ত্র ও গোলাবারুদ আছে বলে স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী র্যাব-৫-এর একটি দল রাত ৩টার দিকে সেলিমের শ্বশুর কামরুজ্জামানের বাড়িতে অভিযান চালায়। তারা ঘরের মাটির নিচ থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে।
সেলিমের তথ্যের ভিত্তিতে ভোররাত সাড়ে ৪টার দিকে গাইবান্ধার নিজ বাড়ি থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।
দেলোয়ারের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় দু'টি মামলা রয়েছে।
সেলিমকে চাপাইনবাবগঞ্জ এবং দেলোয়ারকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব জানায়।
গত ১৪ মে জেএমবির বোমারু মিজান, ২১ জুন আইটি বিশেষজ্ঞ রাজিব এবং ৩০ জুন ঢাকা, গাজীপুর ও রাজশাহী পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে 'ইসলাম ও মুসলিম'-এর প্রধান হিসেবে পরিচিত আবদুর রহিম ওরফে শাহাদাতসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
বিস্তারিতঃরাজশাহীতে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার, গাইবান্ধায় জেএমবি সদস্য গ্রেপ্তার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


