প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষস্থানীয় ১০জন ব্যক্তির অন্যতম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য কেন আইন করার প্রয়োজন হল বুধবার কৃষি মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মতিয়া একথা বলেন।
বিশেষ করে রাজপথে হাসিনার দীর্ঘদিনের সহযোগী কৃষিমন্ত্রী বলেন, "তার বিএনপির মতো প্রতিপক্ষ রয়েছে, যারা ক্ষমতায় বা ক্ষমতার বাইরে থেকে তাকে বারবার হত্যার চেষ্টা করেছে।
"জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে অসা¤প্রদায়িকতার প্রতীক হিসেবেও শেখ হাসিনা এ ঝুঁকির মধ্যে রয়েছেন। এ কারণে তিনি বর্তমানে ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে অন্যতম।
"তাই সরকার আইনের মাধ্যমে বঙ্গবন্ধুর পরিবারের অন্য সদস্যসহ তাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নিয়েছে।"
তিনি জানান, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা যে দিন থেকে যেমন নিরাপত্তা চান সে দিন থেকে তেমন নিরাপত্তা পাবেন। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতামত নিয়ে বাসা বরাদ্দ করা হবে।
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণের জন্য নিরাপত্তা আইন- ২০০৯' নামে একটি আইন নীতিগতভাবে অনুমোদন করা হয়।
বিশ্বের অনেক দেশেই এমন আইনের ব্যবস্থা আছে দাবি করে মতিয়া বলেন, রাজীব গান্ধী নিহত হওয়ার পর ভারতেও নেহরু পরিবারের সদস্যরা এমন আইনের মাধ্যমে নিরাপত্তা সুবিধা পাচ্ছেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল 'বিপথগামী' সেনা সদস্যের হাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রায় সব সদস্য নিহত হন।
সংশ্লিষ্ট আইনের যৌক্তিকতা নিয়ে বিএনপি নেতা মওদুদ আহমদের মন্তব্যের জবাবে কৃষিমন্ত্রী বলেন, "মওদুদ সাহেব নিজেই অন্যের বাড়ি দখলে নিয়ে নিজের নামে কাগজপত্র করে বসবাস করছেন। তার মুখে এমন কথা মানায় না। তারা ক্ষমতায় থাকতেই তো শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এখন ক্ষমতার বাইরে গিয়েও তারা হত্যার চেষ্টা করছেন।"
সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ মঙ্গলবার মন্তব্য করেন, খালেদা জিয়াকে তার 'বৈধ বাড়ি' থেকে উচ্ছেদ করতে না পেরেই সরকার এই আইনটি করেছে।
এরকম আইনে রাষ্ট্রের আর্থিক বিষয় জড়িত বলে তা জারী করতে হলে অবশ্যই আগে সংসদে আলোচনা করতে হবে বলেও মত দেন তিনি।
যত দ্রুত সম্ভব বাড়ি বরাদ্দ হবে
এদিকে এ আইনের অধীনে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের জন্য সরকার 'যত দ্রুত সম্ভব' বাড়ি বরাদ্দের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান।
বুধবার পূর্তমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের বলেন, "এক্ষেত্রে নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের সুপারিশ অনুযায়ী বাসা বরাদ্দ করা হবে। এক্ষেত্রে এক বা একাধিক বাসা বিশেষ নিরাপত্তার আওতায় এনে বরাদ্দ দেওয়া হতে পারে।"
প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর পরিবারের অন্য সদস্যদের জন্য গণভবন বা যমুনা বরাদ্দ করা হবে কি না জানতে চাইলে পূর্তমন্ত্রী মান্নান খান বলেন, "প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা বর্তমানে যমুনায় রয়েছেন। শেখ রেহানাসহ অন্যরা দেশে এলে সেখানে থাকছেন। এখন আইন কার্যকর হলে তারা যেখানে যখন বাসা চান, সরকার সেখানেই তাদের জন্য ব্যবস্থা করবেন। তবে এক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি অবশ্যই নিশ্চিত করা হবে।"
বিস্তারিতঃ হাসিনা বিশ্বের ঝুঁকিতে থাকা শীর্ষ ১০ জনের অন্যতম: মতিয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


