আমি আজ কোনো কিছুর জন্য অপেক্ষা করিনা।
'অপেক্ষা' শব্দটি খুব পুড়িয়েছে,
'প্রতীক্ষা' শব্দটি চোখের জল কম ঝরায় নি ;
আমি আর কারও জন্য অপেক্ষা করিনা __
আমার আর কোনো দুঃখ নেই, কোনো কিছু পাবারও অপেক্ষা নেই।
কারো জন্য আমার করুণা হয় না আর
কারো জন্য আমি ঘাসফুলও তুলি না __
কারো জন্য একটু সুবাসের শিশিও কিনি না অভিজাত শপিংমলে
এমনি এক কঞ্চুস পুরুষ আজ, ভালোবাসাগুলো গুদামজাত করেছি।
সেই এক সুমনা কথা দিয়ে বলেছিলে আসবে
সেই এক সুমনা কথা দিয়েছিলো দেবে বুকের গভীর থেকে উষ্ণ কবিতার ছন্দ
সেই এক সুমনা কথা দিয়ে কথা রাখেনি
সেই থেকে এমন পাথরপুরুষ আমি কেনো জানি।
এখন তাই কারো জন্য কোনো অপেক্ষা নাই, প্রতীক্ষাও...
১২.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




