আমার দৈন্যটুকু আমি লুকিয়ে রাখি
যক্ষের ধনের মতোন আগলে রাখি শীতের চাদরে মুড়ে
আমার দুর্বলতাটুকু আমি ভালো করেই জানি
আমার পৃথিবী তাই আমারি আঙিনা জুড়ে।
ভালোবাসা দিতে চেয়ে দিয়েছো ছলনার অপার বিস্তার
তাতে আমি মনে কিছু করিনি
কেনো না ভাগ্যের কবল থেকে কারো আছে কি নিস্তার ?
সবার ভাগ্যে থাকে না মধুযামিনী।
এই যে আলাদা থাকা, জনমানবের কোলাহলহীন নির্জন দ্বীপে বাস
সেটা তো আমারি সম্ভ্রম রক্ষার কৌশল
কিংবা হতে পারে বড়বেশি দুর্গন্ধময় মানুষের বাতাস
মানুষ আজ দুষিত জলে করে সকালের গোসল।
আমার দৈন্যটুকু আমি জানি
অহেতুক মানুষ করে কানাকানি।
০৩.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
