নবনীতা, কোথায় তুমি?
ঘাসের শরীরে তোমার ঘ্রাণ মেলে ধরে
স্মৃতির পাখনা—
মখমল সুখ—
পাহাড়ে-পাথরে অসহায় তৃণলতা অভুক্ত৷
ঝর্ণার কপাল ছুঁয়ে দেয়া তোমার প্রতিশ্রুতি
আজ তৃষ্ণার্ত পাহাড়ের গান;
সেখানে বসে থাকা অভিশপ্ত চাতক-চোখ
পৃথিবীর ভূ-অভ্যন্তর ভেদ করে পাড়ি দিয়ে যায়
মহাশূন্যে—
কোথায়?
কোথায় তুমি, নবনীতা?
মেঘের মধ্যে লুকিয়ে থাকা বৃষ্টিজল
ভিজিয়ে দেয় চোখ-নাক-চিবুক—
সমস্ত শরীর—
ঘামে৷
পৃথিবীর ঘর্মাক্ত প্রাণ বৃষ্টিকাতর ঈর্ষায়
কাঁপিয়ে দেয় লোকালয়, নির্জন অরণ্য;
শূন্য থালায় কিছু বৃষ্টির ফোঁটা—
সে আকাঙ্ক্ষায় বুক পেতে থাকে
ধূসর এন্টার্কটিকা;
উষ্ণ সে বাতাসের প্রোকোষ্ঠে ভেসে চলা চিৎকার—
নবনীতা, কোথায় তুমি?
ক্রমশই ঘন হয়ে আসে রাত;
অন্ধকারে জ্যোৎস্নামায়ায় জেগে থাকা জোনাকি
চাঁদের চরণঘেঁষে পড়ে থাকে—
কোথায় তুমি, কোথায়?
নবনীতা!
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




