বা-জান, জল খামু;
তেষ্টায় আমার বুকের ছাতি ফাইট্যা আগুন ঝরতাছে৷
বা-জান, এই যে সাগরের লাহান বিরাট একখান গাঙ
আমগোর নাওয়ের তলায়,
তাও জলের লাইগ্যা এত্তো কষ্ট ক্যান গো বা-জান?
এইডাই তো জীবন রে বাপ!
সারা গাঙের জলে ভাসতি পারবা, না-তি পারবা,
খালি খাতি পারবা না;
তেষ্টায় বুকখান শুকায়া মইরা গেলেও,
চক্ষের সামনে সাগর সমান জল—
সেহানে আমগোর কোনো অধিকার নাই!
ক্যান বা-জান?
একই তো সেই হাওয়া-আকাশ-চান-তারা;
আমগোর উপ্রে কোনো অভিশাপ আচে না-কি গো বা-জান?
হ রে বাপ,
অভিশাপই তো; জম্মের অভিশাপ!
সেই অভিশাপের জন্যিই তো
এই আকাশ-হাওয়া-চান-তারা
যট্টুক মুসাদ্দেকের, যট্টুক মালেকের,
আমগোর তট্টুক না রে বাপ!
অভিশাপই তো; জম্মের অভিশাপ!
সেই অভিশাপের জন্যিই তো
এই আকাশ-হাওয়া-চান-তারা
রায়বাবুর যট্টুক, যট্টুক হাজি সাবের,
আমগোর তট্টুক না রে বাপ!
হ, ঠিকই কইছস,
অভিশাপই তো; জম্মের অভিশাপ!
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




