এই শহর— ভেজা রাস্তায় চলো হাঁটা যাক,
স্মৃতির বৃক্ষেরা, অক্ষরপূর্ণ পাতাগুলি
পিছে পড়ে থাক৷
এই শহর— ভেজা রাস্তায় চলো হাঁটা যাক,
পুরোনো অন্ধকার, বিলীন দিবস-আলো—
আমাদের পৃথিবীতে সুদূরে হারাক;
দুপুরের তাপদাহ, বিকেলের হাওয়াগুলি
আমাদের অঙ্গুলির প্রণয় ছড়াক;
চোখাচোখি-কোলাহলে, প্রেমের বিষধারে
পৃথিবীর আর্তনাদ সমূলে সরাক৷
এই শহর— ভেজা রাস্তায় চলো হাঁটা যাক,
মাঝরাতের আলোগুলো সকালের ম্লান আলো,
বিকেলের অন্ধকারে আলোক জ্বালাক;
আমাদের ব্যতিহারিক স্পর্শ-ঈর্ষাতে
ঘৃণার দূরত্ব সব সুদূরে পালাক৷
এই শহর— ভেজা রাস্তায় চলো আজ হাঁটি,
আমাদের আঙুলের ভাঁজে
বৃক্ষের পাতাগুলি সাজে,
আমাদের সাথে হাঁটে প্রণয়পরশমাখা
লালফুল মাটি!
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




