কত জ্যোৎস্নাকান্নায় বুক ফেটেছে নির্দোষ তারাদের,
পৃথিবীর সকল শব্দ এক দারুণ ধ্বনিহীনতায়
অতিবাহিত করেছে প্রতীক্ষার সময়গুলো৷
তুমি বলেছিলে, প্রবল বর্ষণে যদি
কেঁপে কেঁপে ওঠে পৃথিবী— তবুও
এক পশলা সূর্য নিয়ে তুমি নেমে পড়বে
হৃদয়প্রান্তরে; বর্ষণমুখর রঙধনুতে আলোর নাচন উঠবে৷
বলেছিলে, অপেক্ষা কোরো, একদিন রাত্রি ভেঙে
আলো আসবেই; সেদিন সাগরের জল হবে সোনা,
বনে বনে লাল-নীল সূর্যালোক সুর তুলবে বৃক্ষশাখায়৷
কত জ্যোৎস্না-অমাবস্যা প্রতীক্ষায় কেটে গেছে সূর্যের,
পৃথিবীত্যাগী অমোঘ আকর্ষণে অপেক্ষায় থেকেছে
হাতের তালুতে— ভাগ্যরেখা; নবনীতা,
সমুদ্রের ফেনিল জল নিস্তরঙ্গ আছড়ে পড়েছে
পাথরের গায়, অরণ্যের পর অরণ্য বৃক্ষের স্বেচ্ছামৃত্যু৷
তুমি কথা রাখোনি নবনীতা,
পৃথিবীর বুকে এখনো বর্ষণ হয়!
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




