কমন জেন্ডারদের আমরা হিজড়া বলে থাকি। আমাদের সমাজে এদের কতটুকু স্থান আছে এটা কি আমরা জানি? আসলেই আমরা জানিনা। এরাও আমাদের মত মানুষ। এদেরও আমাদের মত আনন্দ করার অধিকার আছে, আছে একজন মানুষ হিসেবে বেঁচে থাকার মৌলিক অধিকার। কিন্তু আদৌ কি এরা মৌলিক অধিকারগুলো পায় ?
আমরা যখন পথে ঘাটে চলি তখন যদি হিজড়াদের দেখি তবে একটা বারের জন্য হলেও আমরা তাকাই। তবে সে তাকানোর মধ্যে কেমন যেন বিস্ময় থাকে। বিস্ময় কেন থাকে? ওরা তো মানুষ। মানুষের দৃষ্টিপাত দেখলে মনে হয় ওরা কোন মঙ্গল গ্রহের মানুষ।
হিজড়াদের প্রতি আমার মনোভাব খারাপ ছিলনা। কিন্তু একদিন আমার বাসায় আসল। আমার ভাতিজা হয়েছে কিভাবে ওরা যেন জানতে পারল । এসে অনেক টাকা চাইছিল। আমরা ওদের কে টাকা কমাতে বলি। বলা হল এত টাকা দিতে পারবনা । ভালো মন্দ সবার মধ্যেই আছে । ওদের মধ্যে একটা হিজড়া ছিল অসম্ভব খারাপ। টাকা কমানোর কথা শুনে সে যা করল তা আমি মুখে আনতে পারব না। এর পর থেকে ওদের কে দেখলে ঘেন্না লাগত।
কিন্তু আমি এটাও ভাবলাম যে ওদের মধ্যেতো একজন বেশ ভালো ছিল। তার জন্যইতো টাকা কম দিতে পেরেছিলাম। তাই এখন আর ঘৃণা করিনা। যেদিন কমন জেন্ডার মুভিটা দেখলাম তারপর থেকে কেন জানি ওদের দুঃখটা আমাকে বেশ পীড়া দেয়।
একটা শিশুর জন্ম হয় মা বাবা তাকে লালন পালন করেন। মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলেন। কিন্তু যখন একটা হিজড়া শিশুর জন্মের পর তার মা বাবা জানতে পারেন যে সে হিজড়া তখন তাকে আর মানুষ হিসেবে গন্য করেন না। হয় তাকে ডাস্টবিনে ফেলে দেন নতুবা তাকে পরিবার থেকে দূরে রাখেন।
কিন্তু কেন? এটা কি তার দোষ না পাপ? কেন তাকে লেখা পড়া শেখানো হয় না? কেন তাকে অন্যসব মানুষের মত বাঁচার নূন্যতম অধিকারটুকু দেয়া হয়না? কেন?
একটা সন্তান তার মায়ের স্নেহ ভালবাসা পেয়ে বড় হয়। আর ওরা মায়ের ভালবাসা থেকে বঞ্চিত হয়। মায়ের একটু আদর , স্নেহ , ভালবাসা পাওয়ারও তাদের অধিকার নেই। ওরা কিভাবে সহ্য করে এটা ? আমরা কি একটা বারও ওদের মনের দুঃখের কথাগুলো উপলব্ধি করি? না করিনা। কারন আমাদের সেই সময় নেই।
এই সমাজ ওদের জন্য কি কিছু করে?
সবার মত ওদের কে পড়া লেখা শিখে মানুষ হিসবে গড়ে উঠার সুযোগ কি দেয়া যায় না?
ওদের কে কি স্বাবলম্বী হওয়ার পথ করে দেয়া যায়না? হয়তো চেষ্টা করলে যাবে। আমি জানিনা সরকারের এমন কোন প্রতিষ্ঠান আছে কিনা যারা ওদের কে নিয়ে কাজ করে। যদি সরকার এদের কে পুনর্বাসন করার কাজে এগিয়ে আসে তখন দেখা যাবে অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এগিয়ে আসবে।
ওদের কে পড়াশুনার সুযোগ করে দিতে হবে। ওদের কে কোন কাজের প্রশিক্ষন দিয়ে চাকরি দেয়া যেতে পারে। যেমন- ড্রাইভিং শেখানো যেতে পারে। অফিস সহকারির কাজও করতে পারে।
আরও অনেক কিছুই হয়তবা ভাবলে করা যাবে। যারা শিক্ষিত হবে তাদের কে সে অনুযায়ী চাকরি দেয়া হবে।
তবে এইসব ক্ষেত্রে সরকারের মুখ্য ভুমিকা থাকতে হবে। তাছাড়া সম্ভব নয়।
যদি ওদের কে স্বাবলম্বী করা যায় তবে ওদেরও দুঃখ অনেকটা কমে যাবে। ওরা মানুষের কাছ থেকে জোর করে আর টাকা নিবে না। অন্যায় করবেনা, চুরিও করবেনা । এটা আমার কাছে মনে হয়।
ওদের জীবনটা আমাদের মতই সুন্দর হোক।
সুন্দর স্বপ্ন আমরা যেমন দেখি ওদেরকেও দেখার সুযোগ করে দেয়া হোক।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৭ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




