আমি ঘুমিয়ে গিয়েছিলাম;
ঠিক তখনি এসে বললো আসো না কেনো আমার কাছে?
তাই তার কাছে গিয়েছিলাম, সে ভিষণ দুরবোদ্ধ-
শহরে বসে কল্পনা করা সবুজ মাঠের মতো,
নদীর মতো পাহাড়ের মতো-
পাহাড় ফালি ফালি করে বেয়ে আসা ঝর্ণার মতো।
আমি তার কাছে গিয়েছিলাম,
আমি আবার যাবো।
অদ্ভুত আঁধারের কথা বলেছিলো সে;
কোন সে আঁধার?
কারা চোখে বেশি দেখে?
সুরঞ্জনারা কই যায়?
আমিতো হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসি না-
তবু কেনো বুক জমিনে কেঁদে বেড়ায় তোমার সোনালী ডানার চিল।
আমি কি তবে তোমারই সে পরাস্ত নাবিক?
মাথার ভেতর কি তবে আমারও একটা বোধ কাজ করে!
তুমি দুরবোদ্ধ তবু বোধের সীমার ভেতরেই থাকো।
ধরি ধরি করে ধরে ফেলি আবার উড়াল দিয়ে পালাও-
আর দিনে দুপুরে; শহরের কোলাহল মেখে
আমার মগজে এসে বলো-
আসো না কেনো আমার কাছে?
এ যন্ত্রনার কৈফিয়ত তোমাকে দিতেই হবে।
তাই আমি আবার আসবো ফিরে ধানসিড়িটির তীরে নয়;
কবি তোমারই কাছে; আমার অযাচিত প্রশ্নের উত্তরের খোঁজে।
(১০ জানুয়ারি ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




