২০১২ সালের পুরোটা জুড়েই মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের একাধিক দেশের মাথাব্যথার কারণ হয়ে দাড়িয়েছিলো হ্যাকারদের আন্তর্জাতিক সংগঠন ‘অ্যানোনিমাস’। প্রযুক্তিবিষয়ক খবরের সাইট সিনেট জানিয়েছে, ‘এক্সপেক্ট আস ২০১৩’ শিরোনামে বিবৃতি দিয়ে ২০১৩ সালেও নিজেদের দৌরাত্ব বজায় রাখার কথা জানিয়ে দিয়েছে হ্যাকারদের সংগঠনটি।
‘এক্সপেক্ট আস ২০১৩’ বিবৃতির পাশাপাশি ২০১২ সালে সংগঠনটির অভিযান নিয়ে তৈরি একটি ভিডিও ক্লিপও প্রকাশ করেছে অ্যানোনিমাস। ভিডিওটিতে অ্যানোনিমাস আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস, এফবিআই, ইউনিভার্সাল মিউজিক এবং মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকার ওয়েবসাইট বন্ধ হয়ে যাবার ঘটনা তুলে ধরা হয়েছে। মার্কিন সরকার ফাইল হোস্টিং সাইট মেগাআপলোড বন্ধ করে দেয়ার প্রতিবাদে এই আক্রমণ চালিয়েছিলো অ্যানোনিমাস।
ইসরায়েলি সরকারের ওপর অ্যানোনিমাস আক্রমণের ঘটনাও তুলে ধরা হয়েছে ভিডিওটিতে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক হামলা এবং গাজার ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ইসরায়েল বন্ধ করে দেবার হুমকি দিলে ইসরায়েলের সরকারি ওয়েসাইটগুলোর ওপর আক্রমণ চালায় অ্যানোনিমাস।
অ্যানোনিমাস তাদের বিবৃতিতে বলে, ‘ভিডিওটিতে যে ঘটনাগুলো দেখানো হয়েছে, তা আমাদের অভিযানের উদাহরণ মাত্র। এরকম আরো অভিযান চলছে যেমন- অপারেশন সিরিয়া।’
অ্যানোনিমাসের এমন বিবৃতির পরও অনেক বিশেষজ্ঞের ধারণা ২০১৩ সালে কমে আসবে অ্যানোনিমাসের দাপট। ২০১২ সালে শেষ সপ্তাহে সিকিউরিটি ফার্ম ম্যাকাফি ল্যাব প্রকাশ করে তাদের ‘২০১৩ থ্রেট প্রেডিকশন’। ২০১৩ সালের সাইবার দুনিয়ায় অ্যানোনিমাসের দাপট কমে আসবে বলেই ভবিষ্যৎদ্বাণী করেছে ম্যাকাফি ল্যাব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




