বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর যৌথ উদ্যোগে ৫ জানুয়ারি থেকে ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘ই-কমার্স সপ্তাহ’।
বেসিস-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ আয়োজনে থাকছে ই-কমার্স বিষয়ক প্রদর্শনী, একাধিক সেমিনার, গোলটেবিল বৈঠক ও কনসার্ট। ‘অনলাইনে কেনাকাটা করুন- যেকোনো কিছু, যেকোনো সময়’ স্লোগানে শুরু হওয়া ই-কমার্স উইক-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
সপ্তাহব্যাপী আয়োজিত ই-কমার্স উইকে সেমিনার এবং গোলটেবিলের মধ্যে উদ্বোধনী দিন ৫ জানুয়ারি সকাল ১১টায় বেসিস মিলনায়তনে থাকবে ই-কমার্স বিষয়ক টেকনিক্যাল কনফারেন্স (রুবি অন রেইলস) শীর্ষক সেমিনার। ৬ জানুয়ারি ডেইলি স্টার মিলনায়তনে সকাল ১১টায় ডেইলি স্টারের সঙ্গে যৌথ উদ্যোগে হবে ‘ই-কমার্স ইন বাংলাদেশ: হাও রেডি আর উই?’ শীর্ষক সেমিনার। একই দিনে ৬টায় বেসিস মিলনায়তনে থাকবে ‘সেশন বাই গুগল বিজনেস গ্রুপ অন ই-কমার্স’ শীর্ষক আয়োজন। ৭ জানুয়ারি বিকেল ৪টায় রুপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত হবে ‘ই-কমার্স অ্যাজ দি বিজনেস ড্রাইভার: পটেনশিয়ালস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক গোলটেবিল বৈঠক। এছাড়া একই দিনে সকাল ১০.৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ই-কমার্স প্রদর্শণী’ এবং দুপুর হবে বিশেষ কনসার্ট। ৮ জানুয়ারি সকাল ১০.৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে ‘এক্সিবিশন অন ই-কমার্স’ এবং বিজনেস ফ্যাকাল্টি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ই-কমার্স: নিউ ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ অপারচুনিটি’ শীর্ষক সেমিনার। ৯ জানুয়ারি সিটিও ফোরামের সঙ্গে যৌথ উদ্যোগে বিকেল ৪টায় বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল পেমেন্ট সিস্টেম সুইচ অ্যান্ড নিউ অপারচুনিটি ফর ই-কমার্স’ শীর্ষক গোলটেবিল বৈঠক। ১০ জানুয়ারি বিকেল ৪টায় বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘অনলাইন বিজনেস: অপারচুনিটি ফর এসএমই এন্টারপ্রেনিয়র’ শীর্ষক সেমিনার এবং আইইউবি ক্যাম্পাসে থাকবে ‘স্টার্টআপ উইকেন্ড’। ১১ ও ১২ জানুয়ারি বসুন্ধরা সিটি মলে অনুষ্ঠিত হবে ‘এক্সিবিশন অন ই-কমার্স’ শীর্ষক আয়োজন এবং ১২ জানুয়ারি বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে ‘ই-কমার্স কনসার্ট’।
এ আয়োজন উপলক্ষে বেসিস সম্মেলন কক্ষে ২ জানুয়ারি এক সংবাদ সম্মেলনের বিস্তারিত বিবরণ তুলে ধরেন ই-কমার্স উইকে’র আহ্বায়ক ও বেসিসের সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান। তিনি বলেন, ই-কমার্সে সপ্তাহের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনসাধরণকে অনলাইনে কেনাকাটা করার ব্যাপারে উৎসাহিত করা, ব্যবসায়ীদের ই-কমার্স কার্যক্রমে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করা এবং ই-কমার্স বাস্তবায়নে বিদ্যমান সমস্যা মোকাবেলায় নীতি নির্ধারক মহলে আলোচনা ও মতবিনিময়ের আয়োজন করা।
বিস্তারিত জানা যাবে http://www.basis.org.bd ঠিকানায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




