– “ এই ফা , দেখ তো এইটা তোর কলম না !! কি অবাক করা কাণ্ড , নিজের পায়ের কাছে কলম রেখে ওয়াশিংটন দিল্লী কলম খুঁজে বেড়াচ্ছিস আর সবাইকে বিরক্ত করছিস ! নাহ তোকে নিয়ে আর পারলাম না ! “ সোনামুনি মৃদু শাসন করবার ছলে ফাত্তাহকে কথাগুলো বলবে ।
ফাত্তাহ কলম পেয়ে যেন জান ফিরে পাবে এমন একটা একটা হাসি হেসে সোনামনিকে বলবে – ‘ থ্যাংকস ‘
সোনামণির কাছে এই হাসিযুক্ত ‘ থ্যাংকস ‘ এর গুরুত্ব আছে । একটু বেশী ই আছে ।
ফাত্তাহ কলম খুঁজছে । তার কপালোঁজ পড়ছে । চশমাটা একবার খুলে শার্টের কোনায় মুছে নিল । তারপর হাই তুলতে তুলতে বলল
- এই নিহা , তোর কাছে কি একটা এক্সট্রা কলম হবে ?
নিহা ( ফর্সা করে অহংকারী মেয়েটি , যে ক্লাস এ সবসময় ফাত্তার আশেপাশে বেল্লিল্লাহর মতো ঘুরঘুর করে )
নিহার কাছ থেকে কলম নিয়ে ফাত্তাহ মিজান স্যারের দেয়া সন্ধি বিচ্ছেদ সলভ করা শুরু করলো ।
স্যার বলেছে আজ যারা এই ১০ টা সন্ধি বিচ্ছেদ সলভ করতে পারবে স্যার তাদের মিডট্রামে বোনাস ৫ মার্ক অ্যাড করে দিবেন ।
ক্লাসের সবাই মাথা চুলকাতে চুলকাতে সন্ধি বিচ্ছেদ সলভ করছে । এতসহজে ৫ মার্ক হাতছাড়া করতে কেউ রাজি না । সোনামণি কিছু লিখছে না । সে মুখ ভাঁড় করে বসে আছে । তার এক হাত ফ্রকের নিচে শক্ত করে কলম ধরা । ইচ্ছা করছে কলমের শিশটা নিজের ঊরুতে বিঁধিয়ে দিতে । খুব বেশী কি ব্যাথা পাওয়া যাবে ? এর আগে সোনামণি মা’র সাথে রাগ করে ব্লেড দিয়ে ডানপায়ের তলা কেটেছিল । অনেক রক্ত বের হয়েছিল ঠিক ই কিন্তু তেমন ব্যাথা করেনি । কেমন অবশ অবশ লাগছিল । বাবা তাকে কোলে নিয়ে দৌড়ে ক্লিনিকে যায় । বেশকিছু ব্লাড চলে যাবার পর রক্ত পড়া বন্ধ হয় । স্কুলে বাবা নেই । এইখানে কে তাকে কোলে করে ক্লিনিকে নিয়ে যাবে ? ফাত্তাহ ?
জীবনেও না । সোনামণি নিশ্চিত , সে যদি কলমের শিশ তার ঊরুতে বসিয়ে দেয় ফাত্তাহ সেটা দেখেও না দেখার ভান করে নিহাকে বলবে
-- নিহা তোমার কলমটা না অনেক সুন্দর , ঠিক তোমার মতো সুন্দর । চলো তোমাকে নিয়ে আজ টিফিন পিরিয়ডে একটা গোপন জায়গায় যাবো । সেখানে আগে শুধু আমি আর সোনামণি যেতাম । সেই গোপন জায়গা থেকে সম্পূর্ণ স্কুল দেখা যায় কিন্তু কেউ আমাদের দেখতে পায় না । আমরা সেখানে বসে বসে মানুষ দেখি , কমেন্ট করি আর সান্ডউইচ খাই । আজ যেহেতু সোনামণি ঊরুতে কলমের শিশ বিঁধিয়ে বসে আছে তাই আজ আর সে হাঁটতে পারছে না । তাই আজ শুধু তুমি আর আমি যাবো ।
সোনামণির চোখ ভর্তি পানি টলমল করছে যেন একটু টোকা লাগলেই ভেসে যাবে ক্লাস রুম ।
- সু ! যা তো খাতা দুইটা স্যারের কাছে জমা দিয়ে আয় ।
সোনামণি তাকিয়ে দেখলো , ফাত্তাহ দুইটা খাতায় স্যারের সন্ধি বিচ্ছেদ সলভ করেছে । একটা নিজের খাতা আরেকটা সোনামণির খাতা ।
সোনামণি প্রাণপণ চেষ্টা করছে ক্লাস রুম যেন বন্যা না হয় , কিন্তু তার চোখ মনে হয় বাঁধা মানবে না ।
- আচ্ছা তুই একহাত জামার নিচে রেখে দিয়েছিস কেন ? সমস্যা কি ?
বন্যা হয়েই গেল । সোনামণি ভ্যা ভ্যা করে কাঁদছে । ক্লাসের সবাই সব কাজ বাদ দিয়ে অবাক নয়নে সোনামণির দিকে তাকিয়ে । ক্লাস ফাইভের একটা মেয়ে ক্লাস রুমে হটাত ভ্যা ভ্যা করে কাঁদছে ব্যাপারটা অবশ্যই অবাক হবার মতো ।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


