
যখন দুটো গাছ পাশাপাশি থাকে
দীর্ঘ দিনের সম্পর্কে
ওদের মধ্যে কি মায়া জন্মায়?
মাটির গভীরে আলোহীন অন্ধকারে
একজনের শিকড় যখন অন্যজনকে আলিঙ্গন করে
তখন কি তাদের প্রেম হয়?
স্পর্শে অনুভূতি জাগে?
আবার
একজনের বিয়োগে
অন্য জনের কি কান্না পায়?
পাতার কাঁপনে কি আবেগ প্রকাশ পায়?
ওরা কি দুঃখ শোকে উতলা হয়?
ওরা কি হাসে?
কথা কয়?
রোদ কাড়াকাড়ির ছলে ওরা কি লুকোচুরি খেলে?
ফুল ফুটিয়ে প্রতিযোগিতা করে হয়তো।
মাঝে মাঝে কৌতূহলবশত আমার গাছ হতে ইচ্ছে করে
কিন্তু
অজানা স্থিরতায় থমকে থাকা আমার একদমই পোষায় না।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




