মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। আজ বুধবারও রাজধানীর শাহবাগ মোড়ে এ কর্মসূচি পালনে জড়ো হয়েছেন সর্বস্তরের শত শত আন্দোলনকারী।
গতকাল মঙ্গলবার বিকেলে কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। সারা রাত গান, স্লোগান ও বক্তৃতার মধ্য দিয়ে চলে ক্ষোভ আর প্রতিবাদ।
আজ সকাল থেকে সেখানে লোকসমাগম বাড়তে থাকে। বিভিন্ন শ্রেণী-পেশা ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রতিবাদী গান আর স্লোগানে স্লোগানে একাত্তরের মানবতাবিরোধীদের প্রতি ঘৃণা প্রকাশ করে তাঁদের ফাঁসির দাবি উঠেছে সমবেত জনতার কণ্ঠে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা সন্ধ্যায় মশাল মিছিল বের করবেন। এ ছাড়া তাঁরা শাহবাগ থেকে টিএসসি সড়কে প্রতিবাদী নানা আলপনা এঁকেছেন। আন্দোলনকারীরা একাত্তরের ঘাতকদের কুশপুত্তলিকা দাহ করেছেন।
কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে শাহবাগে অবস্থান কর্মসূচিস্থলে গেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বর্ষীয়ান রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, আওয়ামী লীগের সাংসদ ইসরাফিল আলম, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, শিরিন আকতারসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদ।
গতকাল বেলা তিনটায় শাহবাগ মোড়ে সমবেত হয়ে অবরোধ শুরু করে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক নামের একটি সংগঠন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টেলিভিশনসহ বিভিন্ন সূত্রে জেনে ধীরে ধীরে আরও অনেকে সেখানে জড়ো হতে থাকেন। সমবেত বিক্ষোভকারীরা কাদের মোল্লার ফাঁসির দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



