শাহবাগ চত্বরের সমাবেশ এগিয়ে যাচ্ছে শুক্রবারের মহাসমাবেশের দিকে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেশের বিভিন্ন প্রান্তের সর্বস্তরের জনতা খাবার দাবার নিয়ে যোগ দিচ্ছে শাহবাগ চত্বরে।
এদিকে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে শাহবাগ এলাকা। গগণ বিদারী চিৎকার আর গণসঙ্গীতের কোরাসে উত্তাল। জনসমাবেশ স্থলের সব প্রবেশ মুখের জনস্রোত এসে মিশছে এখানে।
মধ্যরাতেও ‘জামায়াতে ইসলামী মেড ইন পাকিস্তান’,‘তুই রাজাকার, তুই রাজাকার’, ‘একটাই দাবি ফাঁসি, ফাঁসি’ ‘আমি কে, তুমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’ শহীদের বাংলায়, রাজাকারের ঠাঁই নেই’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হচ্ছে সমাবেশ স্থলসহ পুরো এলাকা।
এভাবেই ধীরে ধীরে সমাবেশ এগিয়ে চলেছে মহাসমাবেশের দিকে। শুক্রবারের আয়োজনের ঘোষণা এরই মধ্যে দিয়েছেন আয়োজকরা। তবে তারা স্রেফ জানিয়ে দিয়েছে এই মঞ্চে রাজনৈতিক ব্যানার ও স্লোগান সম্পূর্ণ নিষিদ্ধ।
বিকেল ৩টায় শুরু হবে মহাসমাবেশ। সারা বাংলা থেকে মানুষ আসছে। ১০ লাখেরও বেশি মানুষের সমাগম প্রত্যাশা করছেন আয়োজকরা। তারা বলছেন, তাদের একটাই প্রত্যাশা, আইনশৃঙ্খলা মেনে সবাই যেন মহাসমাবেশে অংশগ্রহণ করে।
বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষক, শিক্ষার্থী, কল-কারখানার শ্রমিক-মজুরও এ মহাসমাবেশে অংশ নিচ্ছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭১-এর চিহ্নিত খুনি-ধর্ষক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার এ রায় দেওয়ার পর রায়ের বিরুদ্ধে বিকেল থেকেই শুরু হয় গণআন্দোলন। শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে তারুণ্যের এ প্রতিবাদ টানা দু’দিন পেরিয়ে বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। চতুর্থ দিন শুক্রবার মহাসমাবেশের ডাক দিয়েছেন আয়োজকরা।
‘প্রজন্ম চত্বর’ নাম দিয়ে শাহবাগে চলমান এ গণআন্দোলনে আসা সর্বস্তরের মানুষ ও সংগঠকরা বলছেন, এ রায় বাতিল করে কাদেরের ফাঁসির রায় না দেওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



