দিনের আলো সংরক্ষন নিয়ে কিংবা ঘড়ির কাঁটা এগোনো নিয়ে পোষ্টের ছড়াছড়ি সামুতে। অনেকে তাদের মতামত দিচ্ছেন, অনেকে মজা নিচ্ছেন। কাল রাতে টি২০ এর সেমিফাইনাল দেখে ঘুমাতে গিয়ে ভাবছিলাম সকালের ঘুম কি আর নতুন সময়ে ভাঙ্গবে, সেই আগের সময় আর এক ঘন্টা লেট... কিছুই করার নেই, মোবাইলে অটো অ্যালার্ম সেট করা তাই যথারীতি ঘুম ভেঙ্গে দেখি চারপাশ অন্ধকার। সকাল সাতটায় এমন ভোর ভোর অনুভুতি মন্দ কি
অফিসে আসতে আসতে রাস্তায় তেমন কোনো পরিবর্তন চোখে পড়লোনা। সেই একই রাস্তা, শনিবার বলে হয়তো ট্রাফিক একটু কম। মহাখালীর রেল সিগনালে আসতেই ঘন্টা বেজে উঠলো, সেই আগের মতোই গাড়ি-ঘোড়া চারপাশে। সম্প্রতি হয়ে যাওয়া দূর্ঘটনার কারনেই হয়তো চালকরা একটু সংযত। তবে পরিবর্তন যেটা চোখে পড়লো সেটা হলো অফিসে ঢুকে।
আগে অফিসের ছোট্ট একটা বর্ননা দেই। আমাদের ফ্লোর পুরা আট হাজার স্কয়ারফিটের, অর্ধেক জুড়ে সুইচ এর হাবিজাবি প্লাস এনএমসি রুম আর বাকীটা আমাদের অফিস। সুসজ্জিত এই অফিসে প্রতি চার স্কয়ারফিট পরপরই ডাবল টিউবের আলোকসজ্জা। প্রতিদিনই দেখা যায় সকাল নয়টার আগেই ক্লীনার আর পিওনরা অফিস গুছিয়ে রাখছে আর সবগুলো বাতি জ্বলতে থাকায় আলো ঝলমল করছে চারিদিকে। এই আজকেই দেখলাম ভিন্ন এক পরিবেশ। চারপাশ ঘিরে থাকা জানালাগুলোর স্ক্রীন সরানো, সূর্যের আলো ডেস্কে ডেস্কে খেলা করছে আর সবচেয়ে মজার কথা হলো অধিকাংশ লাইটই নেভানো। হাতের কাছে থাকা ক্লীনারকে ডেকে জানতে চাইলাম আজকের এই দিন বদলের মাজেজা কি। একগাল হেসে বললো "স্যার সরকার না কারেন্ট বাঁচানোর লেইগা টাইম আগাইছে, তো এই লাইটগুলান জ্বালায়া কি কারেন্ট বাঁচানো যাইবো??? হের লেইগা লাইট নিভায়া রাখছি, যার দরকার পরবো হের ডেস্কের আশেপাশের লাইট জ্বালায় দিমুনে।"
এই যে ডে লাইট সেভিংস নিয়ে এতো কথা বার্তা - এসব নিয়ে মাথা ঘামাইনি কখোনো। কখনো মনে হয়েছে কি হবে এসব করে, কখনো মনে হয়েছে উটকো ঝামেলা বাড়ানো বৈ কিছুই হবে না। কিন্তু আজ এই এক ক্লীনারের কথায় দৃষ্টিভন্গী কেমন যেনো বদলে গেলো... সময় এগোনো পেছোনো আসল কথা নয়, আসল হলো আমাদের মানসিকতার পরিবর্তন। এই যে আমাদের এতো এতো কর্পোরেট অফিস, এতো এতো আলোকসজ্জার রকমারি - সূর্যের আলো বলতে যে কিছু বাইরে আছে বোঝাই হয়নি কখনো। হাইরাইজ সব বিল্ডিং, চারপাশে কি খোলামেলা পরিবেশ তবুও জানালায় স্ক্রীন টেনে আমরা মেকি আলোয় মেতে থাকি। আজ আমি সূর্যের আলোয় অফিস করছি, কই এতটুকু ঝামেলা লাগেনি, বরং কেমন একটা প্রকৃতির স্পর্শ চারপাশে...
আমাদের অফিসের ছোট্ট একটা পোষ্টে খুব অল্প বেতনে চাকরী করা এই ক্লীনার কিংবা একজন পিয়নের মনে যে উপলব্ধিটুকু এসেছে, আমাদের বাদ বাকী সবার মাঝে সেই বোধটুকু আসবে কি?
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



