#
আগে যখন ফিরতাম, অনেক রাত হয়ে যেত
অন্ধকারে অন্ধের মতো সময়কে ধারণ করতে চাইতাম
বৃথাই-
ফিরিয়ে আনতে চাইতাম আমার স্বপ্ন ও পরিকল্পনা-দের
আপন আলোয়
এইসব কিছুকাল মাত্র আগের কথা ।
আর এখন প্রত্যেকটি দিন
সূর্যালোকে
রাস্তায় রাস্তায় রাজপথে নিবদ্ধ রাখছি দৃষ্টি
এখন আমার এমন সৌভাগ্য যে
দৃশ্যমান উন্নয়ন উদ্যোগ-এর ভেতর দিয়েই ফিরছি-
এইরকম ভাবছি
অথচ কী আশ্চর্য, কিছুই তেমন খুঁজে পাচ্ছি না আমার
কাঙ্ক্ষিত
পদ্মা সেতু
মেট্রো রেল
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
মাতারবাড়ী আথবা রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র
কক্সবাজার রেলওয়ে
পায়রা কিংবা সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর..
এদ্দিন পরও
এগুলোর কোনোটাই কেন যে চোখের সামনে দৃশ্যমান
হয়ে উঠছে না, বুঝতে পারছি না
তবে কি সত্যি অন্ধের কাতারে শামিল হওয়ার সময় এসছে আমার
শ্লোগানে শ্লোগানে পোস্টারে পোস্টারে ছেয়ে আছে যা
কেন তা দেখতে পাই না আমি
আমার কি ডাক্তার দেখানো প্রয়োজন !
কোন ডাক্তার দেখাবো আমি? চোখের, না মনের?
আগে যখন ফিরতাম, অনেক রাত হয়ে যেত..
উন্নয়নের গণতন্ত্রে অন্ধকারে অন্ধের মতো হাত বাড়াতাম
০৩.০৬.২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

