
##
আমার তো কাকতাড়ুয়া হওয়ার কথা ছিল। অথচ দ্যাখো, সেই কবে মধ্যগগনে হেলে আছি, তবু কেন কাকের দেখা নেই। আমি কী তাড়াবো ! আমার কপাল বেয়ে গড়িয়ে নামছে সংখ্যারা। রাত নামলেই যাদেরকে তারা হিসেবে দেখতে পাওয়ার কথা অন্তরীক্ষে—তাদের ধারাপাত আমার সাথে নিত্য হয় নিয়মিত। কখনো কখনো পাশাপাশি বসে, কখনো-বা সারি বাঁধে, আবার কখনো মুচকি হেসে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত হয় নিজেরাই।
আসলে আমার কাকতাড়ুয়াই হওয়ার কথা ছিল। কাকতাড়ুয়া সেজে এক পায়ে দাঁড়িয়ে থাকতে চেয়েছিলাম তোমার বাগানে। তুমি এসে আমার পোশাক ডিজাইন করে দিতে। চোখে কাজল লাগিয়ে দিয়ে কপালে বড্ড একটা টীকা এঁকে দিতে। আঁচলে মুখ মুছে দেয়ার ছলে আরও কাছে আসতে। তারপর রক্তকরবী হয়ে দুলে উঠতে বাতাসে। সেই বাতাস—যে বাতাস আমার বুকের উপর দিয়ে হেঁটে যায়—আজন্ম আমার বিরহী অস্তিত্বের গহীনে—লালিত মায়ায় শাণিত করে আমার প্রেম। বড়োই অপার্থিব—বেহেস্তী সেই মোহ।
কিন্তু, কেন যে আমার কাকতাড়ুয়া চোখে আমি কোনো কাক দেখতে পাই না ! বুঝতে পারি না কেন আমার কপাল বেয়ে শুধুই গড়িয়ে নামে সংখ্যারা। রক্তাক্ত—অমূলদ সব সংখ্যা।
০৪.০৭.২০১৮
ছবি : তৌসিফ হক
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




