আমারও কিছু গোপন অশ্রু আছে
আমার প্রাণেও দুখের প্রবাহ বয়,
যতো ফুল দেখো তুলতুল এই ঠোঁটে
সবকটি তার ফুল নয় ফুল নয়!
অগণন কাঁটা বিঁধে আছে চারপাশে
ঠোঁটের আড়ালে শক্ত দাঁতের মতো,
দশদিশি জুড়ে বিদ্যুৎ করে খেলা
বাউল বেণীতে ফণাদল উদ্যত।
যতো উন্মাদ ভেবেছো আমারে তুমি
তা'রো উন্মাদ বুকের বিরহ ভূমি,
নির্ঘুম আজো রাতের পেয়ালা হাতে
ভোরের খোয়াবে শুধুশুধু যাই চুমি।
ঘোরাঘুরি করি আজব রাতের দেশে
এ রাতের বুঝি শেষ নেই প্রিয়তম,
বহতা জীবন অন্ধকূপের তীরে
চারধার যার কেবলি আঁধার সম!
আমার বুকেও ব্যথা কিছু আছে নীল
ব্যথার তারারা বড়ো বেশি ঝিলমিল,
শুকনো হৃদয় দারুণ আহত কেঁদে
বড় হয়রান- হাসিও না খিলখিল।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



