সজ্ঞানে, সুস্থ মস্তিস্কে, অন্যের বিনা প্ররোচনায়
আমি স্বইচ্ছায় বলতে চাই-
"ভালো আছি"।

নোনতা জলের স্রোত শুকিয়ে
চোখদুটোয় যখন চৈত্রের খরা
একটু কান পাতলেই শুনতে পাওয়া যায়
বুকের বামপাশ থেকে টুপটাপ রক্তক্ষরনের শব্দ।
জীবনের সবগুলো স্বপ্ন যখন ভুমিকম্পে ধ্বস নামে,
তার নিচে চাপা পড়ে কাতরাতে থাকে
শেষ বেঁচে থাকার সম্বলটুকুও,
সেই ধ্বংস স্তুপের উপরে হেলান দিয়ে বসে
দামি সিগারেটের প্রথম ধোঁয়াটা ছাড়তে ছাড়তে
সজ্ঞানে, সুস্থ মস্তিস্কে, অন্যের বিনা প্ররোচনায়
আমি স্বইচ্ছায় দৃঢ় কন্ঠে বলতে চাই -
"ভালো আছি"।
আমি বিয়োগের অংক কষতে চাই যোগে,
জীবনের হিসেবে যত শুন্যই জমা হোক
তার বামপাশে ঠিকই বসাবো একটি সংখ্যা,
ডায়রীর শেষ পাতাটায় যখন লিখতে হবে
হারিয়েছি, হারিয়েছি, হারিয়েছি,
সব হারানোগুলোর ধোঁয়াউঠা সন্ধার বুকে মাথা রেখে,
সজ্ঞানে, সুস্থ মস্তিস্কে, অন্যের বিনা প্ররোচনায়
আমি স্বইচ্ছায় চিৎকার করে বলতে চাই -
"ভালো আছি"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

