মাঝে মাঝে মনে হয়
অপেক্ষার চেয়ে বড় প্রতারণা
আর কিছু নয়।
পরবাসী মেঘ, আকাশ ভেঙে কাঁদলে
আমি উদাস হই।
স্টেশন ছাড়া রেলের মতই
হাতছানি দেয় অতীত-
ঝিক্ ঝিক্ ঝিক্ ঝিক্ ঝিক্ ঝিক্
রাতের ঘুমন্ত স্টেশনের মত,
আমিও ক্লান্ত, বড় ক্লান্ত;
তবু হৃদয়ের সীমানা জুড়ে
এখন ঘুমখোর নি:সঙ্গতার পায়চারী।
অস্থির সময়ের হাত ধরে
আমাকে ডেকে যায় কোন এক সোনালী হরিণী,
ডেকে যায় তুমুল আড্ডার চায়ের দোকান,
ডাকে প্রিয় পাললিক ঘ্রাণ।
অথর্ব এই আমি,
শুধুই প্রহর গুণি
বুকে নিয়ে আগুন জ্বলা রাত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



